গুজবে কান দেবেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ

ফেসবুক ব্যবহারকারীদের প্রলুব্ধ করার মতো একটি পোস্ট ফেসবুকে জনপ্রিয় হচ্ছে। অনেকেই এই পোস্ট শেয়ার করছেন। পোস্টে লেখা রয়েছে, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নাকি তাঁর সম্পদের মধ্যে থেকে ৪৫ লাখ ডলার এক হাজার ভাগ্যবান ফেসবুক ব্যবহারকারীকে উপহার দেবেন! ফেসবুকে ছড়ানো খবরটি নিছকই গুজব। এ গুজবে কান না দিতেই পরামর্শ দিয়েছে সাইবার বিশেষজ্ঞরা।
এ ভুয়া লিংকটি ফেসবুকে শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে এই ভুয়া লিংকটি ফেসবুকে জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে। টেলিগ্রাফ অনলাইনের এক খবরে জানানো হয়, এক হাজার ফেসবুক ব্যবহারকারী জাকারবার্গের কাছ থেকে অর্থ পাচ্ছেন—এ খবর শেয়ার করে কোনো লাভ নেই। ‘থ্যাংক ইউ, মার্ক জাকারবার্গ’ শিরোনামের এই পোস্টটিতে বলা হচ্ছে, জাকারবার্গ তাঁর ৪৫ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের ১০ শতাংশ ফেসবুক ব্যবহারকারীদের দান করবেন। এই অর্থ পেতে হলে ওই পোস্টটি শেয়ার করার জন্য বলা হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি ‘হোক্স’ বা ভুয়া প্রচার।
এই ভুয়া লিংকটি জনপ্রিয় হওয়ার পেছনে রয়েছে জাকারবার্গের সাম্প্রতিক এক ঘোষণা। এ বছরের ১ ডিসেম্বর ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান ফেসবুকে থাকা তাঁদের শেয়ারের ৯৯ শতাংশই দাতব্য কাজে দান করার ঘোষণা দেন। জাকারবার্গের দান করা অর্থের মূল্য হবে ৪৫ বিলিয়ন ডলার (সাড়ে তিন লাখ কোটি টাকার মতো)। জাকারবার্গ তাঁর ফেসবুক পেজে কন্যা ম্যাক্সকে লেখা এক খোলা চিঠিতে এ কথা জানান। দানের ওই অর্থ ব্যবস্থাপনায় তাঁরা একটি নতুন দাতব্য সংস্থা গঠন করার ঘোষণা দেন। এর নাম হবে ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’। সংস্থাটির লক্ষ্য হবে, মানুষের সম্ভাবনাকে এগিয়ে নেওয়া এবং আগামী প্রজন্মের সব শিশুর জন্য সমতা নিশ্চিত করা। জাকারবার্গ বলেন, তাঁদের কাজের প্রাথমিক ক্ষেত্রগুলো হবে—ব্যক্তিগত শিক্ষা, রোগব্যাধির চিকিৎসা, মানুষকে সংযুক্ত করা এবং শক্তিশালী কমিউনিটি গড়ে তোলা।