গুপ্তচর এলজির স্মার্ট টিভি!

এলজির তৈরি কয়েকটি মডেলের স্মার্ট টিভির বিরুদ্ধে ব্যবহারকারীর অজান্তে তথ্য সংগ্রহের অভিযোগ তুলেছেন যুক্তরাজ্যের প্রযুক্তি গবেষকেরা। গবেষকেরা দাবি করেছেন, স্মার্ট টিভি ব্যবহারকারীর টিভি দেখার অভ্যাস, চ্যানেল বা প্রোগ্রাম দেখার তথ্য টিভি নির্মাতা প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দিতে পারে। এলজি কর্তৃপক্ষ এ অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখছে বলেই জানিয়েছে বিবিসি অনলাইন।
যুক্তরাজ্যের তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ জ্যাসন হান্টলি সম্প্রতি অভিযোগ করেছেন, এলজির কয়েকটি মডেলের স্মার্টটিভিতে এমন কিছু ফিচার যুক্ত রয়েছে যা প্রাইভেসি সেটিংস ঠিক করে থাকলেও কোন কোন চ্যানেল দেখা হচ্ছে সে তথ্য সংগ্রহ করে। তিনি অভিযোগ করেন এতে আইন লঙ্ঘিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের তথ্য সুরক্ষায় নিয়োজিত কর্মকর্তারাও বিষয়টি পর্যবেক্ষণ করে দেখছেন।
এদিকে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজির কর্মকর্তারা স্মার্ট টিভি প্রসঙ্গে ওঠা অভিযোগ সম্পর্কে জানিয়েছেন, ‘আমরা ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিই। তাই এ অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি।’
এলজির কর্মকর্তারা জানিয়েছেন, শিগগিরই সফটওয়্যার আপডেটে এনে এ সমস্যাটির সমাধান করা হবে। ব্যবহারকারীর অজান্তে তথ্য সংগ্রহ করায় ক্ষমাও চেয়েছে প্রতিষ্ঠানটি।