
চোখ বেঁধে অতল গহ্বরে ঝাঁপ দেওয়ার সাহস কজনের থাকে? তা-ও আবার জেনেশুনে বিপজ্জনক যেখানে কোথাও মাধ্যাকর্ষণের প্রভাব নেই? তাহলে তো সেই ঝাঁপ দেওয়াই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে! তবে এমন ভয়কে যদি জয় করে নিতে চান, তবে আজ কৌতূহলী এক বালকের গল্প শুনুন। এমন এক গল্প যেখানে অল্প বয়সী এক ছেলে গুপ্তধনের খোঁজে বের হয়ে জীবন সংশয়ের মধ্যে পড়ে। জীবন বাঁচানোর জন্য সম্বল শুধু একটি বন্দুক। বলছি জাপানভিত্তিক ইন্ডি ডেভেলপার মপিনের বানানো ভার্টিক্যালি স্ক্রলিং শুটিং গেম ‘ডাউনওয়েল’-এর কথা। অ্যান্ড্রয়েড, প্লে-স্টেশন ৪ ও ভিটা, আইওস এবং মাইক্রোসফট উইন্ডোজের বানানো গেমটি মোবাইল হ্যান্ডহেল্ড গেমের মধ্যে শ্রেষ্ঠ খেলা হিসেবে মনোনীত হয়েছে।
গেমে আপনাকে রহস্যে ভরা অন্ধকার পাথরের নিচে গিয়ে মূল্যবান রত্ন (জেমস) সংগ্রহ করতে হবে। লড়াই করতে হবে অদ্ভুত সব প্রাণীর সঙ্গে। দানব আর সেই দানবদের সঙ্গে বিভিন্ন স্তরে লড়াই করে ধন ও প্রত্নসম্পদে ভরা লুকানো গুহা খুঁজে বের করতে হবে। অ্যাকশন-ধর্মী গেমটি বাম, ডান, সর্বজনীন অ্যাকশনের তিনটি আলাদা বোতাম দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। ডাউনওয়েলে অভিযানগুলো কখনো একরকম হবে না। কারণ গেমের প্রত্যেক স্তর এলোমেলোভাবে সাজানো হয়েছে। তাই সামনে কী অপেক্ষা করছে কিংবা শত্রু আপনার জন্য কী ফাঁদ পেতে রেখেছে তা অনুমান করা মোটেই সহজ কাজ না। গেমের গ্রাফিকস অবশ্য আহামরি কিছু না, কিন্তু এর প্রতিটি ধাপই এমন রোমাঞ্চকর যে, খেলা শুরু করলে এর প্রেমে পড়ে যাবেন। রহস্য ভেদ করে গুপ্তধন খোঁজার দুঃসাহস আপনার আছে তো?
নামানোর ঠিকানা:
অ্যান্ড্রয়েড: https://goo.gl/INEEIW
আইওএস: https://goo.gl/99NjSm