গুগল আইও সম্মেলনের প্রথম দিনেই বিভিন্ন ঘোষণা দেন গুগুলের নির্বাহীরা। গুরুত্বপূর্ণ কয়েকটি ঘোষণা এখানে তুলে ধরা হলো:

আসছে অ্যান্ড্রয়েড ও
‘ও’ দিয়ে কী বোঝানো চেয়েছে, তা এখনো পরিষ্কার করেনি। তবে গুগলের নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ‘ও’ এ বছরই বাজারে ছাড়া হবে। এখন এটি পরীক্ষামূলক বা বেটা সংস্করণে আছে।

বিশেষ লেন্স
একটি ফুল দেখলেন, সেটার দিকে ক্যামেরা তাক করলেন। সঙ্গে সঙ্গে জেনে যাবেন ফুলের নাম। এই সম্মেলনের প্রথম দিনে গুগল বিশেষ এক লেন্স ছেড়েছে, ক্যামেরায় তা ব্যবহার করলে এ সুবিধা পাওয়া যাবে। মূলত ছবির বিষয়বস্তু, স্থানের তথ্য দেবে লেন্সটি।

কম দামের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড গো
সম্মেলনে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড গো আনার ঘোষণা দেওয়া হয়। সস্তা স্মার্টফোনের জন্য এই অপারেটিং সিস্টেম। মূলত উন্নয়নশীল দেশগুলোতে ব্যবহৃত পুরোনো মডেলের স্মার্টফোনকে কেন্দ্র করে এই অপারেটিং সিস্টেম বানানো হচ্ছে।

আইফোনেও গুগল অ্যাসিস্ট্যান্ট
কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ও কণ্ঠনিয়ন্ত্রিত গুগল অ্যাসিস্ট্যান্ট পাওয়া যাবে অ্যাপলের আইফোনেও। এর মাধ্যমে অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরির সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে গুগল। সূত্র: টেক রাডার