গুলবাগে পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪
রাজধানীর গুলবাগে গতকাল বুধবার ভোরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ গুলিবিদ্ধ চারজনকে গ্রেপ্তার করে তাঁদের কাছ থেকে ককটেল ও চাপাতি উদ্ধার করেছে।
পুলিশ সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে মালিবাগ রেললাইনসংলগ্ন একটি গলিতে সন্ত্রাসীরা পর পর পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় টহল পুলিশ তাদের পিছু নেয়। একপর্যায়ে সন্ত্রাসীরা গুলবাগে পরিত্যক্ত একটি টিনের ঘরে ঢোকে। পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর দুটি ককটেল ছোড়ে।
এ সময় পুলিশ গুলি চালালে সাদ্দাম হোসেন (২০), মনির হোসেন (২৬), শান্ত (২২) ও সুমনের (১৭) পায়ে গুলি লাগে। পুলিশ আহত অবস্থায় গ্রেপ্তার করে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে শাহজাহানপুর থানায় নিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের আগে মালিবাগ রেললাইনের কাছে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশের শটগানের গুলিতে আহত ব্যক্তিদের কাছ থেকে তিনটি ককটেল ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দাউদ জানান, গ্রেপ্তার হওয়া মনিরকে এক বছর, সাদ্দাম ও শান্তকে ছয় মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। গ্রেপ্তার সুমনকে শাহজাহানপুর থানার অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।