
ঘর-গৃহস্থালির কাজে নানা যন্ত্রপাতি তৈরি করতে জোটবদ্ধ হয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং, ইন্টেল ও ডেল।মূলত ‘স্মার্ট’ যন্ত্রের ব্যবহার বাড়ার পাশাপাশি বর্তমানে গৃহস্থালির কাজেও যুক্ত হয়েছে নানা ধরনের যন্ত্রের নাম। ইন্টারনেটের সঙ্গে যুক্ত থার্মোস্ট্যাট কিংবা বৈদ্যুতিক বাতির মতো পণ্যও এখন বেশ জনপ্রিয়। এ ধরনের নানা পণ্য তৈরিতেই জোটবদ্ধ হয়েছে তিন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান। এ জন্য প্রতিষ্ঠান তিনটি মিলে যুক্ত হয়েছে ওপেন ইন্টারকানেক্ট কনসোর্টিয়ামে (ওআইসি)। এসব যন্ত্র তৈরিতে সহায়তা করবে চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম, ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। মূলত যেসব গৃহস্থালি যন্ত্র এখনো বাজারে আসেনি, সেগুলো তৈরি করতেই এমন কনসোর্টিয়াম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কনসোর্টিয়ামের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন স্মার্টযন্ত্র অনেক আসতে পারে। পাশাপাশি বাজারে থাকা বর্তমান পণ্যগুলোর উন্নয়নও করা হবে।
বাজারে থাকা বিভিন্ন ধরনের পণ্য বেশ কটি প্রতিষ্ঠান তৈরি করছে। ফলে এ বাজারেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। আর এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থানকে শক্ত করতেই স্যামসাং, ইন্টেল ও ডেল একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। ইন্টেলের করপোরেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডগ ফিসার বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি কনসোর্টিয়াম থেকে সব গৃহস্থালি পণ্য তৈরি করা। আশা করছি, একসঙ্গে মিলে আমরা তা করতে পারব৷’ এ কনসোর্টিয়াম থেকে কবে নাগাদ স্মার্ট পণ্য তৈরি শুরু হবে, তা জানা যায়নি। —ফোর্বস