গেটস, জাকারবার্গের কোডিং ভিডিওচিত্র দারুণ জনপ্রিয় (ভিডিও)
বিল গেটস ও মার্ক জাকারবার্গসহ বেশ কয়েকজন ডাকসাইটে প্রযুক্তি উদ্যোক্তাকে নিয়ে তৈরি একটি ভিডিওচিত্র দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ভিডিওচিত্রে তাঁরা শিশুদের কম্পিউটার প্রোগ্রামিং বা কোডিং শেখানোর বিষয় নিয়ে কথা বলেছেন। কোড ডট অর্গের তৈরি এ ইউটিউব ভিডিওচিত্রটি দুই দিনে ৫০ লাখ বার দেখা হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে পিসি ম্যাগ।মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস, সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ, টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি, ড্রপবক্সের প্রতিষ্ঠাতা ড্রিউ হিউস্টন এ ভিডিওচিত্রটিতে বিদ্যালয় পর্যায়ে প্রোগ্রামিং শিক্ষাকার্যক্রম চালু করার আহ্বান জানিয়েছেন । কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া কোড ডট অর্গের (www.code.org) আয়োজনে এক ভিডিও বার্তায় বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিং শেখার বিষয়টি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানেরা।‘হোয়াট মোস্ট স্কুল ডোন্ট টিচ’ শীর্ষক এ ভিডিয়োতে প্রযুক্তি দুনিয়ার সেরা ব্যক্তিদের পাশাপাশি কথা বলেছেন ফেসবুকের প্রথম মহিলা প্রকৌশলী রুচি সাংভিও। ভিডিয়োতে সবাই বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। কোড ডট অর্গের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। এতে আগ্রহী ব্যক্তিরা নিবন্ধন করে নিজেও এ উদ্যোগকে সমর্থন জানাতে পারবেন।