গেম জ্যামে বিজয়ী ৫ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দলের বদলে পাঁচ দলকে বিজয়ী ঘোষণা করা হলো ৩৬ ঘণ্টার গেম জ্যাম প্রতিযোগিতায়। গত শুক্রবার রাজধানীর গ্রামীণফোন কার্যালয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার দেওয়া হয় গত রোববার সন্ধ্যায়।
অ্যাকশন গেম ইনফেকটেডের জন্য ‘রিবুট’, গলি ক্রিকেটের জন্য ‘ভুতুম প্যাঁচা’, নকশিকাঁথাভিত্তিক গেম নকশির জন্য ‘শ্যাডোলিট’, পাজল গেম শব্দের জন্য ‘ট্রাইফোর্স’ এবং রেসিং গেম স্কেচ ভ্রমণের জন্য ‘আন ইকুয়াল সোলজার্স’ দল বিজয়ী হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, পাঁচটি দলই প্রতিযোগিতায় ভালো করায় তিন দলের বদলে পাঁচ দলকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়েছে।
সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) সহায়তায় গ্রামীণফোন এবং হোয়াইট বোর্ডের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘বাংলাদেশের তরুণেরা যাতে তাঁদের মেধার প্রদর্শন করতে পারেন এবং নিজেদের ধারণাগুলো নিয়ে কাজ করতে পারেন এ জন্য গ্রামীণফোনের অনেকগুলো উদ্যোগের একটি হচ্ছে গেম জ্যাম।’
বিজয়ী প্রতিটি দলকে পুরস্কার হিসেবে তিন লাখ টাকা করে দেওয়া হয়। এ ছাড়া প্রতিটি দলই এসব গেমের বাজারজাত ও উন্নয়নে সর্বোচ্চ ৫০ লাখ টাকা করে সহায়তা পাবে।
বিজ্ঞপ্তি