গেমারদের আগ্রহ মুঠোফোনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল মাধ্যমে এখন মুঠোফোনে গেমারদের আগ্রহ বেশি l এএফপি
ডিজিটাল মাধ্যমে এখন মুঠোফোনে গেমারদের আগ্রহ বেশি l এএফপি

পার্সোনাল কম্পিউটার নয়, ডিজিটাল মাধ্যমে গেম খেলার সবচেয়ে জনপ্রিয় যন্ত্র হয়ে উঠছে স্মার্টফোন। তবে অর্থের বিনিময়ে গেম কেনার ক্ষেত্রে গেমাররা এখনো কম্পিউটার গেমকে প্রাধান্য দেয়। ১০টি দেশের ১০ হাজার ব্যবহারকারীর ওপর জরিপ চালিয়ে অনলাইনে লেনদেন সেবা পেপ্যাল এ তথ্য জানিয়েছে।
জরিপে অংশগ্রহণকারী ৭৮ শতাংশ আমেরিকান জানান, তাঁরা গেম খেলেন স্মার্টফোনে। অন্যদিকে ট্যাবলেট ও ল্যাপটপে গেম খেলে যথাক্রমে ৫৯ ও ৪৭ শতাংশ। মুঠোফোনে গেম খেলায় কত সময় ব্যয় করেন, এমন প্রশ্নের উত্তরে জরিপে বেশির ভাগ অংশগ্রহণকারী জানান, তাঁরা প্রতিদিন ৩০ মিনিট থেকে এক ঘণ্টা মুঠোফোনে গেম খেলেন। কম্পিউটার কিংবা গেমিং কনসোলে গেম খেলার ক্ষেত্রে এই পরিমাণটা এক থেকে দুই ঘণ্টা।
জরিপে অংশগ্রহণকারীরা বলেন, তাঁরা মোবাইলে গেম খেলার জন্য প্রতি মাসে গড়ে ১২ ডলার খরচ করেন। অন্যদিকে কম্পিউটার এবং গেমিং কনসোলে গেম খেলতে প্রতি মাসে গড়ে ১৭ ও ২২ ডলার ব্যয় করেন।
পেপ্যালের এই প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ বিশ্বব্যাপী ৭ হাজার ৭৩০ কোটি ডলারের ডিজিটাল গেমিং বাজারের ৩ হাজার ৭৬০ কোটি ডলার মোবাইল গেমিংয়ের দখলে চলে যাবে।
মোখলেছুর রহমান, সূত্র: বিজনেস ইনসাইডার