গেমারদের জন্য সুখবর!

গেমিং দুনিয়ার বৃহত্তম অনুষ্ঠান ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো, সংক্ষেপে ই৩ শুরু হচ্ছে ১০ জুন থেকে। গেমিং দুনিয়া সবচেয়ে আলোচনামুখর থাকে এই সপ্তাহজুড়ে, বড়-ছোট প্রায় প্রতিটি গেম নির্মাতা ও প্রকাশক প্রতিষ্ঠান এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকে যেখানে তারা তাদের সবচেয়ে বড় ঘোষণাটি দেবে। গেমাররা তাঁদের প্রিয় গেমের নতুন কোনো সিকুয়েলের জন্য অধীর আগ্রহে এই অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কনভেনশন সেন্টারে এবারের এই অনুষ্ঠানের অপেক্ষায় গেমাররা ইতিমধ্যেই প্রহর গুণতে শুরু করেছেন। কিন্তু কী কী ঘোষণা আসতে পারে এবারের এই আয়োজনে? সামনের আরেকটি বছর কোন কোন গেম মাতিয়ে রাখবে গেমের জগত্?
গত বছরের ই৩ মূলত হার্ডওয়্যারকে ঘিরেই অনুষ্ঠিত হয়েছিল। গত ই৩-এ মাইক্রোসফটের ‘নতুন প্রজন্মের গেমিং কনসোল’ এক্সবক্স ওয়ান ও সনির প্লেস্টেশন ৪-কে ঘিরেই ছিল যত আলোচনা। তবে এবারের ই৩-এ অংশগ্রহণকারীরা জোর দেবেন সফটওয়্যার বা গেমের দিকে। ইতিমধ্যেই প্রযুক্তি ও সংস্কৃতি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এবারের ই৩-এ কী কী ঘোষণা আসতে পারে তার একটি তালিকা তৈরি করেছে।
মাইক্রোসফট
এক্সবক্স ওয়ান প্রথম অবমুক্ত হওয়ার পর থেকে মাইক্রোসফটের পুরো মনোযোগ ছিল কীভাবে গেমারদের ঘর-দুয়ার দখল করে নেওয়া যায়! গতবারের ই৩ চলাকালে ও ই৩-পরবর্তী সময়েও মাইক্রোসফটকে তেমনটাই দেখা গেছে। এবারের ই৩-এও মাইক্রোসফটের গেম-বান্ধব রূপেরই দেখা মিলতে পারে বলে আশা করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, মাইক্রোসফটের সবচেয়ে জনপ্রিয় গেম সিরিজ ‘হ্যালো’র নতুন পর্ব হ্যালো ৫: গার্ডিয়ানসের ডেমো দেখানো হবে এবারের ই৩-এ। ২০১২ সালের পর সিরিজে এটিই পূর্ণাঙ্গ একটি সিকুয়েল। এক্সবক্স ওয়ানের জন্য গেমটি ২০১৫ সালে বাজারে আসার কথা রয়েছে। হ্যালো ৫: গার্ডিয়ানসের গেমপ্লে কিংবা ট্রেইলার দেখানোর জন্য ই৩ হতে পারে উপযুক্ত মঞ্চ।

হ্যালো ছাড়াও ‘গিয়ারস অব ওয়ার’ সিরিজের মালিকও এখন মাইক্রোসফট। তাই এই সিরিজের নতুন গেম সম্পর্কে তথ্যও মিলবে এবারের ই৩-এ, এমনটাই আশা করা হচ্ছে। এপিক গেমস সরে যাওয়ায় গিয়ারস অব ওয়ারের পরের গেমটি নির্মাণ করছে ব্লু টাস্ক স্টুডিওস নামে সম্পূর্ণ নতুন একটি স্টুডিও যারা কেবল এই সিরিজের গেম তৈরি নিয়ে কাজ করবে। গিয়ারস অব ওয়ারের পরবর্তী গেম নিয়ে অবশ্য এর বেশি কোনো তথ্য জানায়নি মাইক্রোসফট।
মাইক্রোসফট ফরজা মোটর স্পোর্ট এরই ওপেন-ওয়ার্ল্ড সংস্করণ ফরজা হরাইজনের নতুন সিকুয়েলেরও ঘোষণা দিয়েছে যেটি এ বছরের শেষ নাগাদ এক্সবক্স ওয়ান ও এক্সবক্স ৩৬০-এর জন্য মুক্তি পাবে। এই গেম সম্পর্কেও আরও বিস্তারিত ও গেমপ্লে বা ট্রেইলার দেখার আশা করছেন গেমাররা।
সনি
মাইক্রোসফটের মতোই সনিও এবারের ই৩-এ গেমের দিকে বেশি নজর দেবে বলে ধারণা করা হচ্ছে। প্লেস্টেশন ৪ বাজারে চলে এসেছে, কাজেই গেমারদের কনসোলটি কিনতে আগ্রহী করে তোলার জন্য দারুণ সব গেমের প্রয়োজন। এবারের ই৩-কে সে কাজেই লাগাবে সনি।
সনির পক্ষ থেকে সবচেয়ে বড় ঘোষণা আসতে পারে আনচার্টেড ৪ নিয়ে। ইতিমধ্যেই কোম্পানিটি কিছু টিজার রিলিজ করেছে, কিন্তু ই৩-এর মঞ্চেই হয়তো প্রথমবারের মতো সনির নতুন ও শক্তিশালী কনসোলে দেখা যাবে সিরিজের নতুন এই গেমটি। এখানেই শেষ নয়, সনির অন্যতম জনপ্রিয় গেম ‘দ্য লাস্ট অব আসে’র প্লেস্টেশন ৪ রিমেকেরও দেখা মিলতে পারে। সেই সঙ্গে ভিক্টোরিয়ান স্টিমপাঙ্ক অ্যাকশন গেম ‘দ্য অর্ডার: ১৮৬৬’ এবং জনপ্রিয় ইন্ডি ক্লাসিক গেম ‘ব্রেইডে’র ডেভেলপারদের তৈরি চমকপ্রদ অ্যাডভেঞ্চার গেম ‘দ্য উইটনেস’ নিয়েও বিস্তারিত জানাতে পারে সনি।
অবশ্য সনির জনপ্রিয় কয়েকটি গেম নিয়ে কোনো কথা বলেননি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। গড অব ওয়ার, বা মোটরস্টর্ম গেমগুলোর জন্য
নিশ্চয়ই কোনো চমক রেখেছে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, জনপ্রিয় গেমগুলোর মধ্যে অন্তত একটির নতুন সংস্করণের আকস্মিক ঘোষণা আসতে পারে এবারের ই৩ মঞ্চে।
কেবল বড় আকারের টাইটেল নিয়েই ভুলে থাকবে না সনি, বরং তাদের প্লেস্টেশন ৪ ও প্লেস্টেশন ভিটার জন্য নতুন কিছু ইন্ডি গেমেরও ঘোষণা দেবে বলে দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে।
ক্রস প্ল্যাটফর্মে বিখ্যাত সব গেম
২০১৩ সালে ঘোষণা আসা বা মুক্তি পাওয়া গেমের একটি বড় অংশই ছিল প্ল্যাটফর্ম এক্সক্লুসিভ। অর্থাত্, কেবল নির্দিষ্ট প্ল্যাটফর্ম বা কনসোলের জন্য উপযোগী করে তৈরি ছিল তা। কিন্তু এবারের ই৩-এ ক্রস প্ল্যাটফর্মের জনপ্রিয় সব গেমের নতুন সংস্করণও গেমারদের মাতিয়ে রাখবে।

দেখা মিলবে ‘ডেসটিনি’র ও আগামী প্রজন্মের ‘জিটিএ’
‘মেটাল গিয়ার সলিড ৫: দ্য ফ্যান্টম পেইন’ গেমটি বাজারে আসবে আগামী বছর। এত দিন শুধু এটুকুই জানা ছিল। তবে এবারের ই৩-এ গেমটি বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে। জনপ্রিয় সিরিজ হ্যালো গেমের স্টুডিও ‘বানজি’ তাদের নতুন মাল্টিপ্লেয়ার ফার্স্ট পারসন শুটার গেম ডেসটিনি’র মাল্টিপ্লেয়ার ডেমো ও সামার বেটা প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানাবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে। এছাড়াও ইলেকট্রনিক আর্টস তাদের জনপ্রিয় গেম মিররস এজের সিকুয়েল নিয়ে বিস্তারিত জানাবে।
রকস্টার গেমস তাদের অন্যতম জনপ্রিয় সিরিজ গ্র্যান্ড থেফট অটোর সর্বশেষ গেম জিটিএ ৫ প্লেস্টেশন ৪-এর জন্য নতুন করে ঘোষণা দেবে বলে জানা গেছে। গেমটি মুক্তির পর এটি হতে যাচ্ছে ‘আগামী প্রজন্মের’ গেমিং কনসোলে গেমটির প্রথম সংস্করণ। কেবল এই ঘোষণার ফলেই সনির প্লেস্টেশন ৪-এর বিক্রি বেড়ে যাবে বলে ধারণা করছেন অনেকে।
ব্যাটলফিল্ড, কল অব ডিউটি, ফার ক্রাই ৪
ইউবিসফট ইতিমধ্যেই আবারও আলোচনার শীর্ষে উঠে এসেছে তাদের নতুন বেস্টসেলার গেম ‘ওয়াচ ডগ’ মুক্তি দেয়ার মাধ্যমে। মুক্তি পাবার আগে থেকেই গেমটি গেমারদের আলোচনার কেন্দ্রে চলে আসে। মুক্তির পরও এটি জনপ্রিয় হয়েছে। ইউবিসফট তাদের জনপ্রিয় ফ্রেঞ্চাইজি অ্যাসাসিনস ক্রিড এর নতুন গেম অ্যাসাসিনস ক্রিড ইউনিটির তথ্য জানাতে পারে। সিরিজের সর্বশেষ গেমের জলদস্যু থিম থেকে নতুন গেমে গেমারকে হিমালয়ে নিয়ে যাবে ইউবিসফট।
এদিকে মিলিটারি শুটার গেম ব্যাটলফিল্ড ও কল অব ডিউটির নতুন গেমের ডেমোও আসতে পারে ই৩ মঞ্চে। অ্যাক্টিভিশন দেখাবে তাদের নতুন গেম কল অব ডিউটি: অ্যাডভান্সড ওয়ারফেয়ার । পাশাপাশি জুনের ৯ তারিখে, ই৩ শুরুর ঠিক আগের দিন, আনুষ্ঠানিকভাবে ব্যাটলফিল্ড সিরিজের নতুন গেম ব্যাটলফিল্ড হার্ডলাইনের ঘোষণাও আসতে পারে। এছাড়াও অ্যাকশন গেম ব্যাটম্যানের নতুন পর্ব আর্কহাম নাইট ২০১৫ সালে আগে বাজারে আসবে না বলা হলেও ই৩ মঞ্চে এর দেখা মিলতে পারে বলে আশা করছেন অনেকে।
অন্যান্য
দ্য বর্ডারল্যান্ডস সিরিজের একটি নয়, বরং দুটি গেমের দেখা মিলবে এবারের ই৩ আয়োজনে, যদিও এই দুটির একটিও গেমটির মূল ডেভেলপার ‘গিয়ারবক্সে’র তৈরি নয়। এ ছাড়া এবার অনেকগুলো ফ্রেঞ্চাইজি গেমের নতুন নতুন পর্বের দেখা মিলবে। যেগুলোর মধ্যে রয়েছে মরটাল কমব্যাট টেন, এলিয়েন: আইসোলেশন, স্টার ওয়ারস: ব্যাটলফ্রন্ট, সিভিলাইজেশন: বিয়ন্ড আর্থ এবং দ্য সিমস ৪।
হতাশ করবে স্টিম মেশিন

মাইক্রোসফট ও সনি তাদের হার্ডওয়্যার থেকে সফটওয়্যারে মনোযোগ সরাতে পারলেও ‘ভালভ’ এখনো তাদের হার্ডওয়্যার স্টিম মেশিন নিয়েই কাজে ব্যস্ত। এ বছরের শুরুতে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিকস শোতে ভালভের স্টিম মেশিন নিয়ে বেশ আলোচনা ছিল। তবে লিনাক্স-ভিত্তিক গেমিং ডিভাইস স্টিম মেশিন মুক্তি দেয়ার পরিকল্পনা ২০১৫ পর্যন্ত পিছিয়েছে তারা। অপেক্ষা করতে করতে ক্লান্ত গেমাররা বারবার হাফ লাইফ ৩ নিয়ে আলোচনা তুললেও ভালভ এ ব্যাপারে টু শব্দটিও করেনি। দ্য ভার্জ জানিয়েছে, এবারের ই৩-এর প্রদর্শক তালিকায়ও তাদের নাম নেই। কাজেই ঘোষণা দূরে থাক, এবারের আয়োজনে ভালভের দেখা মিলবে কি না তারই কোনো নিশ্চয়তা নেই!
ভারচুয়াল রিয়েলিটি
গেমিং জগতে নতুন মোড় দিতে চলেছে ভারচুয়াল রিয়েলিটি (ভিআর)। দেখতে অদ্ভুত হলেও ভারচুয়াল হেডসেট লাগিয়ে গেমের রাজ্যে হারিয়ে যাওয়া সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা, অন্তত ভারচুয়াল রিয়েলিটি হেডসেট নির্মাতাদের সেটাই দাবি। এবারের ই৩-তে ভারচুয়াল রিয়েলিটি হেডসেট নির্মাতাদের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।
ভিআরের কথা বলতে গেলে প্রথমেই চলে আসে অকুলাস রিফটের নাম। সম্প্রতি অকুলাস রিফটকে কিনে নিয়েছে ফেসবুক। যদিও অনেকে মন্তব্য করেছেন অকুলাস রিফটের মাধ্যমে ব্যবহারকারীকে বাস্তব দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করবে ফেসবুক, মূলত এই হেডসেটের মূল লক্ষ্য অপরিবর্তিত থাকবে। আর তা হলো গেমিং। সাধারণ মানুষের ব্যবহারোপযোগী অকুলাস রিফটের ঘোষণা আগামী বছর আসার কথা রয়েছে। তবে যেহেতু গেম সম্পর্কিত আয়োজন, তাই ই৩-এ অকুলাস রিফট নিয়ে হাজির হতে পারে ফেসবুক। এছাড়াও সনিও তাদের ভারচুয়াল রিয়েলিটি হেডসেট ‘প্রজেক্ট মরফিয়াস’ নিয়ে ই৩’র মঞ্চে আসতে পারে।
ভালভেরও ভারচুয়াল রিয়েলিটি হেডসেট রয়েছে যেটিকে অকুলাস রিফট ও প্রজেক্ট মরফিয়াসের চেয়ে উন্নত বলে দাবি করা হচ্ছে। তবে এবারের ই৩ আয়োজনে সেটির দেখা নাও মিলতে পারে।
ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো প্রতিবছর গেমারদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়। এবারেও নিশ্চয় গেম ছাড়াও বড় কোনো চমক থাকবে। আগামী এক বছরের গেমিং দুনিয়ায় কী ঘটতে যাচ্ছে, তা জানতে গেমারদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটি দিন।