গেমিং জোনে তরুণদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখোমুখি দুটি দল। প্রতি দলে সদস্যসংখ্যা পাঁচ। যেন একটু পরেই ঝাঁপিয়ে পড়বে যুদ্ধে। তবে অস্ত্রের বদলে সবার হাত কি-বোর্ড কিংবা মাউসে, আর মনোযোগের পুরোটা কম্পিউটারের পর্দায়। এতটাই মগ্ন যে আশপাশে কী হচ্ছে, কিছু আদৌ হচ্ছে কি না, তা নিয়ে ভাবনা নেই মোটেও। দলের সব সদস্যই ব্যস্ত আলাদা আলাদা কম্পিউটারে। ঘটনা হলো, রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে চলছে সিটি আইটি ২০১৭ কম্পিউটার মেলা। মেলা প্রাঙ্গণে বসেছে কম্পিউটার গেমের আসর ‘সিটি আইটি গেমিং ফিয়েস্তা’। গ্লোবাল ব্র্যান্ডের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সোমবারের গেমিং ফিয়েস্তায় ছিল জনপ্রিয় কম্পিউটার গেম কাউন্টার স্ট্রাইক গ্লোবাল অফেনসিভ বা সিএস গো খেলার আয়োজন। সেখানেই দুটি দলকে দেখা যায়, লড়াই করে জয় ছিনিয়ে নিতে।

গেমিং ফিয়েস্তার কারিগরি সহযোগিতায় ছিলেন ফাহিম রহমান। তিনি বলেন, এই গেমিং প্রতিযোগিতায় ১৬টি নিবন্ধিত দল অংশ নিয়েছে। আটটি করে দল লড়ছে সিএস গো ও ডোটা ২ নামের দুটি কম্পিউটার গেমের জন্য। নিয়ম একই। দুই গেমেই বিজয়ী ও রানার্সআপ দল পাবে যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার করে টাকা।

মেলা প্রাঙ্গণের গেমিং জোনে এই গেমিং ফিয়েস্তার আয়োজন। এ ছাড়াও মেলার এই অংশে গিগাবাইটের সৌজন্যে বিনা মূল্যে গেমারদের জন্য গেম খেলার সুযোগ রয়েছে। সেখানে সব বয়সীরাই গেম খেলতে পারবেন।

মেলার সমন্বয়ক মুসা কামাল বলেন, ‘তরুণেরা গেমিং জোনের পাশাপাশি গেমিং প্রযুক্তির পণ্য কেনায়ও আগ্রহ জানাচ্ছে।’

১৩ এপ্রিল পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকছে।