গেমিং পিসি আনছে লেনোভো-রেজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেমিং পিসি
গেমিং পিসি

বাজারে গেমিং পিসি আনতে এক জোট হয়েছে বিশ্বের শীর্ষ পিসি নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো ও গেমিং পিসি নির্মাতা হিসেবে খ্যাত রেজার। এই দুটি প্রতিষ্ঠান মিলে রেজার এডিশন লেনোভো ওয়াই সিরিজ ডেস্কটপ পিসি বাজারে ছাড়বে। আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কনজুমার ইলেকট্রনিকস শোতে এই পিসি প্রদর্শন করবে রেজার।
লেনোভোর গেমিং অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ভিক্টর রাইওস বলেন, গত এক যুগ ধরে প্রকৌশলগত দক্ষতা, চমৎকার নকশা নিয়ে কাজ করছে লেনোভো আর রেজার পিসি ফিটনেস নিয়ে কাজ করে গেমিং শিল্পে অবদান রেখে যাচ্ছে। এই দুটি প্রতিষ্ঠান এক জোট হয়ে ভবিষ্যতে পিসি গেমিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের অসাধারণ অভিজ্ঞতা দিতে কাজ করবে।
ওয়াই সিরিজের পিসি দিয়ে শুরু হলেও ভবিষ্যতে রেজার ও লেনোভোর এই জোট অন্যান্য প্রযুক্তি উদ্ভাবন, গেমিং পিসির ক্ষেত্রে নতুন ফিচার যুক্ত করার ও কম্পিউটিং ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করতে সম্মত হয়েছে।
রেজারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মিং-লিয়াং টান বলেন, ‘এ চুক্তি গেমিং লাইফস্টাইল উন্নত করার সুযোগ বাড়াবে এবং বিশ্বমানের গেমিং পণ্য বাজারে আনা সম্ভব হবে।’ তথ্যসূত্র: এএফপি।