গেমের সাইট কিনল ইউটিউব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেম খেলার সাইট টুইসে সাইটে এক গেমার অন্যজনকে দেখার সুযোগ পান, যা অন্য সাইটে বিরল
গেম খেলার সাইট টুইসে সাইটে এক গেমার অন্যজনকে দেখার সুযোগ পান, যা অন্য সাইটে বিরল

ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব এবার গেমিং সাইট কিনল ১০০ কোটি ডলারের বিনিময়ে। সম্প্রতি গেমিং সাইট ‘টুইস’ (www.twitch.tv) অধিগ্রহণের এ বিষয়টি জানা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে ইউটিউব পরিচালনাকারী সার্চ ইঞ্জিন গুগল শিগগিরই বিস্তারিত জানাবে।
যেকোনো ভিডিও গেমিং সাইটের সঙ্গে টুইসের বড় একটি পার্থক্য হলো, গেম খেলার সময় এ সাইটে গেমার একজন অন্যজনকে দেখার সুযোগ পান। প্রতি মাসে এ সাইটে গেম খেলোয়াড়ের সংখ্যা চার কোটি ৫০ লাখ। শুধু তাই নয়, পিক সময়ে এ সাইটে যে পরিমাণ ব্যবহারকারী আসে সেটি অনেক সময় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক, বিশ্বখ্যাত ই-কমার্স সাইট আমাজনের ব্যবহারকারীদেরও ছাড়িয়ে যায়। শুধু খেলাই নয়, ওয়েবক্যাম ব্যবহারের মাধ্যমে সাইটটিতে গেম খেলোয়াড় একে অপরকে দেখার পাশাপাশি চ্যাটও করতে পারেন। অধিগ্রহণের ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত ইউটিউবের বড় একটি ঘটনা। ২০০৬ সালে গুগল ইউটিউবকে অধিগ্রহণ করে ১৬৫ কোটি ডলারের বিনিময়ে। বর্তমানে প্রতি মাসে ইউটিউবের নতুন ব্যবহারকারী ১০ লাখ এবং ভিডিও দেখার সংখ্যাটি ৬০০ কোটি ঘণ্টা!
২০১১ সালে জাস্টিন ক্যান এবং ইমেট শিয়ার চালু করেন টুইস নামের এ গেমিং সাইটটি। সম্প্রতি আমাজনে ফায়ার টিভির জন্য এর বিশেষ অ্যাপ বাজারে ছাড়ারও ঘোষণা দেওয়া হয়। ইউটিউবের এমন অধিগ্রহণে সাইটটির জনপ্রিয়তা আরও অনেক বেড়ে যাবে বলে ধারণা করছেন গেমসংশ্লিষ্ট ব্যক্তিরা। বাজার গবেষকদের মতে, এর সাহায্যে ভিডিও দুনিয়ায় আরেক ধাপ এগিয়ে গেল ইউটিউব।
—দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম