গেরস্থালি বিনোদন পণ্য আনছে গুগল
গুগল রহস্যজনক একটি পণ্য তৈরি করছে, এমন গুজব ছড়িয়েছিল প্রযুক্তির বিশ্বে। সম্প্রতি গুগলের সেই রহস্যময় পণ্য-সম্পর্কিত কিছু তথ্যের সন্ধান মিলেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) গুগলের নতুন পণ্যের বিষয়ে তথ্য দিয়েছে। সিএনএন এক খবরে জানিয়েছে গুগলের রহস্যময় পণ্যটি হবে ‘বিনোদন ডিভাইস’।গুগলের রহস্যময় পণ্যটিকে আপাতত ‘প্রজেক্ট টাংস্টেন’ বলছে গুগল। এ ডিভাইসটি মিউজিক হাব হিসেবে কাজ করবে, যা স্পিকার ও হোম স্টেরিও ডিভাইসে তারহীন প্রযুক্তিতে তথ্য পাঠাবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটি গুগল মিউজিক স্টোর বা অনলাইনে থাকা ডিজিটাল মিউজিক ফাইল চালাতে সক্ষম হবে।এ ছাড়া ডিভাইসটি নিয়ন্ত্রণে ব্যবহার করা যাবে স্মার্টফোন, ট্যাবলেটসহ অ্যান্ড্রয়েড চালিত অন্যান্য ডিভাইস। এফসিসির তথ্য মতে, তারহীন ইন্টারনেট ও ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে স্টেরিও ডিভাইসসহ বাড়ির অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের সঙ্গে যুক্ত হবে নতুন ডিভাইসটি।গত মে মাসে সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত আই/ও ডেভেলপার্স কনফারেন্সে ডিভাইসটির প্রোটোটাইপ দেখিয়েছিল গুগল।ডিভাইসটির হার্ডওয়্যার তৈরি করছে গুগলের মালিকানাধীন মটোরোলা মোবিলিটি। অবশ্য রহস্যময় এ ডিভাইস সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি গুগল।