গেরস্থালী যন্ত্রের জন্য উন্মুক্ত সফটওয়্যার আনছে অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপলের নতুন সফটওয়্যার প্ল্যাটফর্ম
অ্যাপলের নতুন সফটওয়্যার প্ল্যাটফর্ম

স্মার্ট হোম বা বাড়ির জন্য নতুন সফটওয়্যার প্ল্যাটফর্ম উন্মুক্ত করতে পারে অ্যাপল। জুন মাসে অনুষ্ঠেয় ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার (ডব্লিউডব্লিউডিসি) সম্মেলনে স্মার্ট হোম সিস্টেমটির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে প্রতিষ্ঠানটি। ফিন্যান্সিয়াল টাইমস-এর বরাতে এ তথ্য জানিয়েছে তথ্য প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।
আগামী ২ জুন শুরু হওয়া ডব্লিউডব্লিউডিসি সম্মেলনে অ্যাপল আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য যে স্মার্ট হোম সিস্টেম আনবে, তাতে আইওএস-নির্ভর পণ্য ব্যবহার করে ঘরের বাতি, যন্ত্রপাতি এবং নিরাপত্তা সিস্টেমকে নিয়ন্ত্রণ করার সুবিধা থাকবে।
থার্ড পার্টি পণ্য নির্মাতারা অ্যাপলের এই সফটওয়্যার সিস্টেমটি তাদের পণ্যে যুক্ত করতে পারবেন। উন্মুক্ত এই সফটওয়্যার ব্যবহারের ফলে অ্যাপলের অটোমেশন সিস্টেমে প্রযুক্তিপণ্যগুলো সমর্থন করবে। অ্যাপল কর্তৃপক্ষ নতুন এই প্ল্যাটফর্ম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।