গো ড্যাডি থেকে ডোমেইন সরাল উইকিমিডিয়া
ডোমেইন নিবন্ধনের জন্য খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান গো ড্যাডি থেকে ডোমেইন সরিয়ে নিয়েছে উইকিমিডিয়া ফাউন্ডেশন। স্টপ অনলাইন পাইরেসি অ্যাক্ট (সোপা) ও প্রটেক্ট আইপি অ্যাক্ট (পিপা) সমর্থন দেওয়ার কারণে উইকিমিডিয়া ফাউন্ডেশন বিনা মূল্যের অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়াসহ তাদের সব ডোমেইন সরিয়ে নিয়েছে। প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক খবরে জানিয়েছে, ৯ মার্চ শুক্রবার ডোমেইন সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে বলেই উইকিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।ডোমেইন সরিয়ে নেওয়ার ঘটনা সাম্প্রতিক হলেও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০১১ সালের ডিসেম্বর মাসে। সোপা ও পিপা নিয়ে উইকিমিডিয়া বিরোধিতা করলেও গো ড্যাডি সোপার সমর্থক ছিল। ওই সময় সোপা ও পিপার বিরুদ্ধে অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানই একজোট হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে একপর্যায়ে গো ড্যাডির ডোমেইন রেজিস্ট্রেশন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় উইকিমিডিয়াসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। অবশ্য নিজেদের ভুল বুঝতে পেরে পরে একটি বিবৃতি দিয়েছিল গো ড্যাডি। কিন্তু তত দিনে বেশ দেরিই হয়ে গেছে।গো ড্যাডি থেকে সরে গিয়ে স্যান ফ্রান্সিসকো-ভিত্তিক ডোমেইন নিবন্ধন কোম্পানি মার্ক মনিটরকে বেছে নিয়েছেন উইকিমিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস। উইকিমিডিয়া গো ড্যাডি ছেড়ে গেলেও এ প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেছেন গো ড্যাডির প্রধান নির্বাহী ওয়ারেন অ্যাডেলম্যান।