গোটা কয়েক ওয়েবসাইটে চলে উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া প্রায়ই খবরের শিরোনামে পরিণত হয়। তা মূলত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা থেকে শুরু করে প্রেসিডেন্ট কিম জং উন সরকারের অদ্ভুত আচরণের জন্যই। এবার উত্তর কোরিয়ার ইন্টারনেট জগৎটা কতটা সমৃদ্ধ, সেই প্রশ্ন ঘুরেফিরে আলোচনায় উঠে আসছে। দেশটির শীর্ষস্থানীয় এক তথ্যপ্রযুক্তি কর্মকর্তার ভুলের কারণে বেরিয়ে এসেছে আশ্চর্য এক তথ্য। জানা গেছে, উত্তর কোরিয়ায় টপ লেভেল ডোমেইন নেমে (ডট কেপি) নিবন্ধিত ওয়েবসাইটের সংখ্যা বড়জোর ২৮টি।

এমন তথ্য গত মঙ্গলবার হাতে পান যুক্তরাষ্ট্রের এক নিরাপত্তা প্রকৌশলী ম্যাট ব্রায়ান্ট। আগে তিনি উত্তর কোরিয়ার সবগুলো ডোমেইন নেমে প্রবেশ করার চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে মঙ্গলবার তিনি ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পেরেছেন। আর তখনই চমকপ্রদ এই তথ্য পান।

দেশটির অধিকাংশ ওয়েবসাইট সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। ওয়েবসাইটগুলোর মধ্যে মূলত সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিমান সংস্থা এবং দেশটির চলচ্চিত্র ও খাবারদাবার-বিষয়ক ওয়েবসাইট রয়েছে।

উত্তর কোরিয়ায় নাগরিকদের ইন্টারনেট ব্যবহারে অনেক নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। দেশটির হাতে গোনা যে কয়েকটি ওয়েবসাইট রয়েছে, তাতেও বেশ সুবিধা করে উঠতে পারবেন না বিদেশিরা। কারণ বেশির ভাগ সাইট কোরীয় ভাষায় তৈরি। অল্প কিছু ওয়েবসাইটের ইংরেজি সংস্করণ রয়েছে। শুধু তা-ই নয়, যখন কোনো নতুন ওয়েবসাইট খোলা হয়, তখন তার কোনো ধরনের প্রচারণাও থাকে না।

মারিফুল হাসান, সূত্র: বিবিসি