গোপন বৈঠকে গুগল ও অ্যাপলের নির্বাহী! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ ও অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক মেধাস্বত্ব সংরক্ষণ বিষয় নিয়ে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছেন। মোবাইল পণ্য নির্মাতাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পেটেন্ট ভঙ্গের বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছানোর জন্য তাঁরা চেষ্টা চালাচ্ছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।প্রতিষ্ঠান দুটির ঘনিষ্ঠ সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ল্যারি পেজ ও টিম কুক গত সপ্তাহে টেলিফোনে বিষয়টি নিয়ে আলোচনা করেন। উচ্চপর্যায়ের এ আলোচনা ছাড়াও প্রতিষ্ঠান দুটির অন্য কর্মকর্তারাও আলোচনা চালিয়ে যাচ্ছেন। আজ শুক্রবার দুই নির্বাহীর মধ্যে সাক্ষাতে আলোচনার কথা ছিল। তবে এ তারিখ পিছিয়েছে। পরে যেকোনো সময় তাঁরা সাক্ষাতে আবারও আলোচনায় বসবেন।২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আদালত রায় দিয়েছেন, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্যামসাংয়ের একাধিক পণ্য অ্যাপলের পেটেন্ট ভঙ্গ করেছে। স্যামসাংকে ১০৫ কোটি ডলার জরিমানা করেছেন আদালত। প্রযুক্তি বিশ্লেষকরা অ্যাপলের পক্ষে রায়কে গুগলের জন্য অশনিসংকেত বলে ধারণা করছেন। গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম নিয়ে অ্যাপল কর্তৃপক্ষের মনে সন্দেহ রয়েছে। অ্যাপলের প্রয়াত প্রধান নির্বাহী স্টিভ জবস ধারণা করতেন, অ্যাপল থেকে চুরি করা হয়েছে অ্যান্ড্রয়েডের মেধাস্বত্ব। তাই তিনি অ্যান্ড্রয়েড ধ্বংস করার পরিকল্পনাও করেছিলেন। স্যামসাংয়ের বিরুদ্ধে অ্যাপল সাম্প্রতিক মামলা জেতায় প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, গুগলের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে অ্যাপল। এর পরিপ্রেক্ষিতেই যেকোনো ঝামেলা এড়াতে দুপক্ষই আলোচনায় রাজি হয়েছে। উল্লেখ্য, এর আগে একাধিকবার আলোচনায় বসলেও অ্যাপল ও গুগলের মধ্যকার দ্বন্দ্বের সুরাহা হয়নি। তবে উভয় পক্ষই সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছে।