গোপনীয়তায় আড়ি পাতছে কে?

গোপনে ব্যক্তিগত তথ্যে নজরদারি করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এতদিন মানুষ যা ধারণা করতো তার চেয়েও অনেক বেশি পরিমাণ তথ্য গোয়েন্দাদের নজরদারিতে রয়েছে। ইকনমিস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ৫ জুন ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান মার্কিন গোয়েন্দা সংস্থার গোপনে নজরদারির এ বিষয়টি ফাঁস করে। গার্ডিয়ান জানিয়েছে, অপরাধের সঙ্গে যুক্ত নন এমন নিরীহ ব্যক্তিদেরও ফোন রেকর্ড সংগ্রহ করেছে মার্কিন গোয়েন্দারা। ৬ জুন আরেকটি বোমা ফাটানোর মতো খবর প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। ‘প্রিজম’ নামে মার্কিন গোয়েন্দাদের গোপন এক কর্মসূচির তথ্য ফাঁস করে পত্রিকাটি। প্রিজম কর্মসূচীর মাধ্যমে ব্যবহারকারীর অজ্ঞাতে প্রচুর ইমেইল, ইন্টারনেট ফোন কল, ছবি, ভিডিও, স্থানান্তরিত তথ্য, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের ব্যক্তিগত নানা তথ্য সংগ্রহের কথা জানায় ওয়াশিংটন পোস্ট।
গুগল, ফেসবুক, ইউটিউব, স্কাইপি, মাইক্রোসফট, অ্যাপল ছাড়াও মধ্যপ্রাচ্য ও আরববিশ্বে মুসলমানদের কাছে জনপ্রিয় ভিডিও চ্যাট সেবা পালটকের মতো সেবাগুলো থেকেও গোপনে তথ্য সংগ্রহ করছে মার্কিন গোয়েন্দারা। যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন ইন্টারনেট ও মোবাইল ফোন প্রতিষ্ঠান থেকে গোপনে তথ্য নেওয়ার কথা স্বীকার করেছে। জাতীয় নিরাপত্তা সংস্থার (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি-এনএসএ) প্রধান জেমস ক্ল্যাপার ৮ জুন সংবাদ মাধ্যমের কাছে এ কথা স্বীকার করেন।
‘প্রিজম’নিয়ে তর্ক-বিতর্ক
৬ জুন বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হয় যুক্তরাষ্ট্রে ২০০৭ সালের পর থেকেই ‘প্রিজম’ নামের এই গোপনে আড়ি পাতা কর্মসূচি চালু হয়েছে। টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তত্কালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কোনো রকম ঘোষণা ছাড়াই গোপনে আড়ি পাতার এ কর্মসূচি চালু করেছিলেন। প্রিজমের মাধ্যমে মার্কিন গোয়েন্দারা তথ্য সংগ্রহের পরিবর্তে অনলাইনে থাকা সব রকম তথ্যের দখল নিতে পারে। জর্জ বুশের নেয়া সেই কর্মসূচী যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা আরও শক্তিশালী করেছেন।
সম্প্রতি ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান পত্রিকায় ‘প্রিজম’ সম্পর্কে তথ্য প্রকাশিত হলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান ক্ল্যাপার দাবি করেন, প্রিজম সম্পর্কে পত্রিকায় প্রকাশিত সব তথ্য সঠিক নয়। তবে এ নিয়ে সমালোচনাও থেমে নেই।
ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, নয়টি প্রতিষ্ঠানের তথ্যে আড়ি পাতা হচ্ছে। যে প্রতিষ্ঠানগুলোতে আড়ি পাতা হয়েছে সেগুলো হলো মাইক্রোসফট, ইয়াহু, গুগল, ফেসবুক, পালটক, এওএল, স্কাইপি, ইউটিউব ও অ্যাপল। প্রিজম নামে গোপন এক কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোর সার্ভারে প্রবেশ করেছে এনএসএ। এ প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ড্রপবক্সের মতো নতুন প্রতিষ্ঠানগুলোও নজরদারির তালিকায় রয়েছে। গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ভেরিজনকে গোপনে আদালতের একটি আদেশের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারকারীর তথ্য হস্তান্তরের জন্যও বলা হয়। ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান পত্রিকা এ খবর ফাঁস করলে গোয়েন্দাপ্রধান জেমস ক্ল্যাপার দাবি করেছিলেন, এ নীতি কেবল যুক্তরাষ্ট্রের বাইরের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে তিনি এ তথ্য ফাঁস করায় ভালোমতোই চটেছেন। নজরদারি কার্যক্রমের এ খবর প্রকাশের বিষয়টিকে ‘এখতিয়ার-বহির্ভূত উন্মোচন’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান। তথ্য ফাঁসের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই, বিচার বিভাগসহ বেশ কয়েকটি সংস্থা একটি ফৌজদারি তদন্তে নামছে বলেও জানান তিনি। প্রিজম নিয়ে ওবামা প্রশাসন বিপাকে পড়লেও ‘প্রিজম’-এর অস্তিত্ব অস্বীকার করেছে শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। গুগল, অ্যাপল ও ফেসবুক কর্তৃপক্ষ গোয়েন্দাদের এ ধরনের আড়ি পাতার কাজে মূল সার্ভারের নিয়ন্ত্রণ দিতে অস্বীকার করেছিল বলেও জানিয়েছে। এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ‘ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তার বিষয়ে গুগল সতর্ক।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ শুক্রবার বলেছেন, সরকারের কোনো এজেন্সি বা আদালত তাঁদের গ্রাহকদের তথ্য দেওয়ার নির্দেশ দেননি আর প্রিজম নামের কোনো কার্যক্রমের কথাও তিনি আগে শোনেননি।’ অ্যাপল কর্তৃপক্ষও প্রিজমের সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে। এদিকে ৭ জুন রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানে গোপনে তথ্য সংগ্রহ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসনের গোয়েন্দারা। এর আওতায় ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে গোয়েন্দারা সরাসরি নয়টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সার্ভারে আড়ি পেতেছেন।
দৃশ্যপটে‘যুক্তরাষ্ট্রের নতুন বিদ্রোহী’স্নোডেন
ব্যক্তির মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ন করে গোপনে নাগরিকদের তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র—এই খবর ফাঁস করেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)২৯ বছর বয়সী এক সাবেক কর্মী যার নাম এডওয়ার্ড স্নোডেন ।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের ঠিকাদার বুজ অ্যালেন হ্যামিলটনের অধীনে কাজ করতেন তিনি। এডওয়ার্ড স্নোডেন দাবি করেছেন, ‘বিশ্বের সব মানুষের মৌলিক স্বাধীনতার’ স্বার্থে তিনি প্রিজম কর্মসূচির তথ্য ফাঁস করেছেন।
এডওয়ার্ড স্নোডেন তথ্য ফাঁসের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, ‘আমি এমন কোনো দুনিয়াতে বাঁচতে চাই না, যেখানে আমি যা যা করছি বা যা বলছি সব রেকর্ড করা হচ্ছে। এ ধরনের কোনো ব্যবস্থা আমি সমর্থন করি না এবং এর অধীনে আমি বাঁচতেও চাই না।’
‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া সাক্ষাত্কারে ২৯ বছর বয়সী স্নোডেন বলেন, ‘আমি কোনো ভুল করিনি।’ আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্নোডেন প্রিজম গোয়েন্দা-ব্যবস্থার এমন একটি নথি প্রকাশ করেছেন, যাতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে (এফবিআই) গুগল, অ্যাপল, মাইক্রোসফট, ফেসবুক ও এওএলের মতো ইন্টারনেট-সেবা প্রদানকারী সংস্থাগুলো থেকে নাগরিক ও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের কর্তৃত্ব দেওয়া হয়েছে।
এ প্রকল্পের অধীনে তারা ইমেইল, ভিডিও চ্যাট, তাত্ক্ষণিক বার্তা ও বিদেশি কোনো আলাপ, বার্তা বা ভিডিও রেকর্ড করতে পারে। এনএসএ লাখ লাখ মার্কিন নাগরিকের টেলিফোন আলাপের রেকর্ড সংগ্রহ করছে।
স্নোডেন ‘দ্য গার্ডিয়ান’কে বলেন, তিনি একসময় সিআইএর আইটি নিরাপত্তা বিভাগে কাজ করতেন। কূটনৈতিক কাজের অজুহাতে ২০০৭ সালে তাঁকে সুইজারল্যান্ডের জেনেভায় নিযুক্ত করা হয়। সে সময় তিনি অনেক গোপন নথিপত্র দেখেছেন।
স্নোডেন বলেন, ‘জেনেভায় আমি যা দেখেছি, তারপর আমার সরকারের কাজকর্ম ও বিশ্বের ওপরে এর প্রভাব সম্পর্কে আমার মোহমুক্তি ঘটেছে। আমি বুঝতে পারলাম যে আমি যার জন্য কাজ করছি, সেটি যত না ভালো কিছু করছে, তার চেয়ে বেশি অনিষ্ট করছে।’
২০০৯ সালে স্নোডেন কাজ ছেড়ে দেন এবং হাওয়াইয়ে এনএসএর ঠিকাদার বুজ অ্যালেন হ্যামিলটনের সঙ্গে কাজ করতে শুরু করেন। সেখানে কর্মরত অবস্থায় তিন সপ্তাহ আগে তিনি প্রিজম কর্মসূচির তথ্য ফাঁস করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
স্নোডেন বলেন, ‘আমি আশা করি, এ ঘটনা আমাদের কাঙ্ক্ষিত দুনিয়ার জন্য সারা বিশ্বের নাগরিকদের জাগিয়ে তুলবে। যুক্তরাষ্ট্রের সরকার যেভাবে তার বিশাল গোয়েন্দা বাহিনীর মাধ্যমে সারা বিশ্বের মানুষের একান্ততা, ইন্টারনেট স্বাধীনতা ও মৌলিক মুক্তির শর্ত ধ্বংস করছে, তাতে আমি সচেতনভাবে এ প্রক্রিয়া সমর্থন করতে পারি না।’
তোপের মুখে স্নোডেন
স্নোডেনের কর্মকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তত্পরতা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান জেমস ক্ল্যাপার তীব্র নিন্দা জানিয়েছেন স্নোডেনের তথ্য ফাঁসের ঘটনায়। তিনি বলেছেন, এমন কাজ ‘দায়িত্বজ্ঞানহীন’।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ক্ল্যাপার ও অন্য কর্মকর্তারা বলেছেন, একটি গোপন আদালতের কর্মকাণ্ডের ওপর নজর রাখার জন্য প্রিজম কর্মসূচির অনুমতি দিয়েছে কংগ্রেস।
সম্প্রতি স্নোডেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। স্নোডেন যুক্তরাষ্ট্র থেকে হংকং চলে আসেন। এবং এখান থেকে তিনি রাশিয়ায় যান বলে খবর চাউর হয়। তবে বিবিসির এক খবরে বলা হয়, তিনি রাশিয়ার যাননি। এদিকে, যুক্তরাষ্ট্র স্নোডেনকে হস্তান্তরের জন্য বিভিন্ন দেশে তত্পরতা চালাচ্ছে। স্নোডেন কিউবা হয়ে ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। এর আগে যুক্তরাষ্ট্রের লাখ লাখ নথি ফাঁস করা উইকিলিকস স্নোডেনকে সমর্থন জানিয়েছে।
নিন্দা ও সমালোচনা
সিআইএ দেশীয় ও আন্তর্জাতিক আইনকানুনের কোনো তোয়াক্কা না করে ইন্টারনেট ও টেলিফোনে আড়ি পেতে মার্কিন ও অন্য দেশের নাগরিকদের তথ্য সংগ্রহ করছে প্রিজম কর্মসূচির অধীনে। প্রিজম কর্মসূচির কথা প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্র নিন্দিত হতে শুরু করেছে বিশ্বজুড়ে। ‘প্রিজম’ নামের এই গোপন কর্মসূচী যে, প্রাইভেসি বা ব্যক্তিগত নিরাপত্তার লঙ্ঘন করছে তা নিয়ে বিশ্বজুড়েই তৈরি হয়েছে সমালোচনা। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের গোপনে টেলিফোন ও ইন্টারনেটে আড়িপাতার ঘটনা যে আগের মতোই বিদ্যমান, এ ঘটনায় তা আবারও প্রমাণিত হল।
শুরু পঞ্চাশের দশকে
ইকনমিস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, পঞ্চাশের দশক থেকেই গোপনে তথ্য সংগ্রহের কাজে লেগে আছে মার্কিন গোয়েন্দারা। আর মার্কিন গোয়েন্দাদের তথ্য-ক্ষুধার কথা অধিকাংশ ব্যক্তিই জানেন। প্রিজমের আগে ‘একিলন’ নামের একটি কর্মসূচীর মাধ্যমে মার্কিন গোয়েন্দাদের গোপন তথ্য সংগ্রহের কথা জানা যায়। বিশ্লেষকেরা ধারণা করছেন, প্রিজমের তথ্য ফাঁস হওয়ার পর মার্কিন গোয়েন্দারা যে বিশাল পরিমাণ তথ্য সংগ্রহ করছে তা খোলাসা হয়েছে।
মার্কিন প্রশাসনের ভয়!
গার্ডিয়ান বা ওয়াশিংটন পোস্ট মার্কিন গোয়েন্দাদের গোপন নজরদারির তথ্যের সামান্যই প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, স্নোডেন আরও বিস্তারিত তথ্য প্রকাশের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সময় সুযোগ বুঝে আবারও পত্রিকাগুলো মার্কিন গোয়েন্দাদের গোপন তথ্যভান্ডার ফাঁস করে দেবে। স্নোডেনের ফাঁস করা তথ্য একদিকে যেমন মানুষকে সচেতন করেছে তেমনি বিশ্বজুড়ে তৈরি করেছে বিতর্ক।
(প্রথম পর্ব)