গোপনীয়তা লঙ্ঘন করবে না ফেসবুক ‘হোম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য তৈরি ফেসবুকের ‘হোম’ সফটওয়্যারটি ব্যবহারকারীর প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করবে না বলেই জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।‘হোম’ সফটওয়্যারটি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দিতে ব্যর্থ হতে পারে বলেই আশঙ্কা করছিলেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলি স্টার অনলাইন। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘হোম’ সফটওয়্যারটি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করবে না বরং এটি অ্যাপ্লিকেশনের পরিবারের মতোই কাজ করবে।প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিগাওমের প্রযুক্তি বিশ্লেষক ওম মালিক ‘হোম’-এর সমালোচনা করে বলেন, স্মার্টফোনে সব সময় ফিড দেখিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে ফেসবুক। অন্য উপায়ে যেসব তথ্য ফেসবুকের পক্ষে সংগ্রহ করা সম্ভব হয় না, হোম ব্যবহার করে সে ধরনের গুরুত্বপূর্ণ তথ্যও সংগ্রহ করতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি। টাইম অনলাইন ও টেক ক্রাঞ্চের প্রযুক্তি বিশ্লেষকেরাও ‘হোম’ প্রাইভেসি ভঙ্গ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।৪ এপ্রিল অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের জন্য ‘হোম’ নামের সফটওয়্যার উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ফেসবুক। সফটওয়্যারটি অ্যাপ্লিকেশনের মোড়ক হিসেবে ফেসবুকের ফিডগুলোকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্ক্রিনে প্রদর্শন করতে থাকবে। হোম ইনস্টল করা থাকলে যখনই লক খুলে ফোন চালু করা হবে, অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিনটিতে ‘কভার ফিড’ নামের একটি স্ক্রিন দেখাবে। এ স্ক্রিনে ফেসবুকের নানা ফিড দেখতে পারবেন এবং এ স্ক্রিন থেকেই ফেসবুক ব্যবহার করতে পারবেন। এ স্ক্রিনটিতে ‘চ্যাট হেডস’ নামের বিশেষ একটি ফিচার থাকবে, যার মাধ্যমে চ্যাট করতে পারবেন অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ব্যবহারকারীরা।১২ এপ্রিল থেকে গুগলের অ্যাপ স্টোর ‘গুগল প্লে’ থেকে পরীক্ষামূলক বা স্থায়ীভাবে ‘হোম’ সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। গ্যালাক্সি এস থ্রি, নোট টু ও এইচটিসি ওয়ান সিরিজে এ সফটওয়্যার ব্যবহার করা যাবে। শিগগিরই ট্যাবলেটের জন্যও এ সফটওয়্যারটির নতুন সংস্করণ তৈরি করবে ফেসবুক।