গোপনীয়তা লঙ্ঘনে গুগলের জরিমানা
অ্যাপলের সাফারি ব্রাউজারের প্রাইভেসি সেটিংস এড়িয়ে ব্যবহারকারীদের ওপর গোপনে নজরদারি করার দায়ে দুই কোটি ২৫ লাখ ডলার জরিমানা গুনতে হচ্ছে গুগলকে। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) আরোপিত এ জরিমানার পরিমাণ একক কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ। এফটিসি জানায়, তদন্তে দেখা গেছে, অ্যাপলের তৈরি আইফোন ও আইপ্যাড ডিভাইসে ব্যবহূত সাফারি ব্রাউজারের প্রাইভেসি সেটিংস এড়িয়ে ব্যবহারকারীদের গোপনে নজরদারি ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছে গুগল, যা এফটিসির নীতির লঙ্ঘন। এফটিসির নীতি অনুসারে, ভোক্তাদের কাছে প্রতিশ্রুত ব্যক্তিগত গোপনীয়তার নিশ্চয়তা ছোটো বা বড় সব প্রতিষ্ঠানকেই দিতে হবে এবং এফটিসির আদেশ মানতে হবে।গুগল এফটিসির নির্ধারিত জরিমানা দিতে রাজি হয়েছে। তবে তারা যে ভুল করেছে, তা মানতে রাজি নয়।চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরারে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জোনাথান মেয়ার গুগলের গোপন নজরদারির এই তথ্য ফাঁস করেন। গুগল অবশ্য এই সমস্যার সমাধানে কাজ করছে বলে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’কে সে সময় জানিয়েছিল। গবেষক মেয়ারের তথ্য অনুসারে, গুগলের অনেক ওয়েবসাইটে ছোট সফটওয়্যার লুকিয়ে রাখা হয়, যা সাফারি ব্রাউজারের প্রাইভেসি সেটিংস অপশন এড়িয়ে যেতে এবং ব্রাউজার ব্যবহারকারীর কার্যক্রম ট্র্যাক করে রাখতে পারে। সাফারি ব্রাউজার সাধারণত কুকি ডাউনলোড ব্লক করে রাখে। কুকি হচ্ছে ছোট আকারের টেক্সট ফাইল, যা অনলাইনের ব্রাউজিং তথ্য সংরক্ষণ করে রাখে। সাফারি ব্রাউজারের প্রাইভেসি সেটিংস তৃতীয় পক্ষের ওয়েবসাইট হিসেবে বিবেচনা করে গুগলকেও আটকে দেয়। এ কারণেই গুগল তাদের সফটওয়্যার ব্যবহার করে গোপনে তথ্য সংগ্রহ করে রাখে এবং পছন্দ অনুসারে বিজ্ঞাপন দেয়।গোপন তথ্য সংগ্রহের তথ্য ফাঁস হয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়ে গুগল। তথ্য ফাঁস হওয়ার পর গুগল অবশ্য ঘটনাটিকে স্রেফ ‘অনিচ্ছাকৃত’ বলেই নিজের সাফাই গাইতে শুরু করে। এরপর বিষয়টি নিয়ে এফটিসি তদন্ত করতে শুরু করে।