গোপনে স্মার্টফোন বানাচ্ছে মাইক্রোসফট!
‘সারফেস’ নামে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেটের ঘোষণা দিয়ে যেভাবে চমক সৃষ্টি করেছে মাইক্রোসফট, প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, একইভাবে স্মার্টফোন এনেও চমক দেখাতে পারে প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গোপনে স্মার্টফোন তৈরির কাজ করছে মাইক্রোসফট। ট্যাবলেট কম্পিউটারের ঘোষণা দেওয়ার পর এবার নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠানটি।২০ জুন ‘উইন্ডোজ ফোন ৮’ নামে স্মার্টফোনের নতুন অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। অপারেটিং সিস্টেমটির কোড নাম- ‘অ্যাপোলো’। ‘উইন্ডোজ ফোন ৮’ অপারেটিং সিস্টেমটি মাল্টি কোরের প্রসেসর ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সমর্থন করবে। চলতি বছরের শেষ দিকে এই অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করা হবে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এ সময় নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিতে পারে মাইক্রোসফট।মাইক্রোসফট জানিয়েছে, ‘উইন্ডোজ ফোন ৮’ নির্ভর স্মার্টফোন তৈরি করবে নকিয়া, স্যামসাং, এইচটিসি ও হুয়াউয়ের মতো প্রতিষ্ঠানগুলো। এই প্রতিষ্ঠানগুলোর স্মার্টফোনের জন্য সফটওয়্যার নির্মাতা হিসেবে কাজ করবে মাইক্রোসফট। তবে নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোনের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফট।