
‘বিশ্বজোড়া পাঠশালা মোর’ পঙ্ক্তিটির পরের অংশ গোপাল ভাঁড় নিজের মতো করে পাল্টে নিয়েছেন। তাঁর ভাবভঙ্গি এখন ‘সবাই আমার ছাত্র’। কিন্তু এই বঙ্গদেশে এসে পদে পদে তাঁকে এত কিছু শিখতে হবে, এটা কল্পনারও বাইরে ছিল। টাইম মেশিন কী ভয়ংকর জিনিস, বাবা!
বাস আর লঞ্চ টার্মিনালে ‘পকেট সাবধান’ কথাটা তাঁর খুব ভালো লেগেছে। ধুতির ওপরে গোপালীয় বুদ্ধিতে বানানো পকেট থেকে ফুলে-ফেঁপে থাকা মানিব্যাগটি তাই যখন পকেটমার হাপিশ করে দিল, বুঝতে পেরেও গোপাল তখন মুচকি হাসছেন। ভাবছেন, বাছা, মানিব্যাগে তো ব্যবহার করা টয়লেট টিস্যু। আসল টাকা তো ফতুয়ার ভেতরে সেলাই করা। মহারাজ কৃষ্ণচন্দ্রকে ঘোল খাইয়ে পয়সাকড়ি তো আর কম মারিনি!
সদরঘাটে পা রেখেই গোপালের মনে হলো, এই ডিজিটাল দেশে এসে একটা সেলফি তোলা দরকার। ওয়াইজ ঘাটের রাস্তা থেকে চোরাই এবং চায়নিজ স্মার্টফোন কিনে ফেললেন। ফ্রি হিসেবে জুটল ‘কদম ফোন’ কোম্পানির থ্রিজি সিম। খুব দ্রুতই ইন্টারনেট প্যাক কিনে, ফেসবুকে ছবি আপলোড করলেন। অ্যাট সদরঘাট। ফিলিং বাঙালি।
ততক্ষণে খিদে পেয়েছে বেশ। টাকা থাকলেও গোপালের ইচ্ছা ফাউ খাওয়ার। একটা ছোটখাটো মিষ্টির দোকানের হেঁশেলে ঢুকে মিষ্টিতে হাত দিলেন। একটা ছোট ছেলে বাধা দিতেই ‘বাবাকে বলো, মাছি মিষ্টি খেতে এসেছে’ ডায়ালগ ঝাড়লেন। ছেলে বাবাকে বলতেই পাশের কামরা থেকে আওয়াজ এল, ‘বোতলে ফরমালিন ভরা আছে। মাছির মুখে স্প্রে কর। মাছিও মরবে, মিষ্টিও পচবে না।’ গোপাল তো শুনেই ভোঁ-দৌড়।
এবার নিজের টাকায় খাওয়ার জন্য গোপাল রেস্তোরাঁয় ঢুকে দেখলেন, এক টেবিলে দুটি ছেলে মারামারি করছে। কারণ হচ্ছে, একজন নাকি টেন্ডার তার নিজের দলের লোকদের দেবে, তাই আরেকজন খেপেছে। গোপাল জানতে চাইলেন, ‘কার টেন্ডার, কিসের টেন্ডার?’
জবাব এল, ‘আমরা দুইজন আজকে জীবনের প্রথম চুরি করছি। বেশ কিছু টাকা হাতে আসছে। এ রকম করতে করতে প্রথমে মাস্তান, পরে নেতা হব। নির্বাচনে জিতে গেলে সব টেন্ডার আমাদের হবে। উজবুকটা বলছে, রাস্তা মেরামতের টেন্ডার ওর শালাকে দেবে। তাই দিলাম মার!’
গোপাল সব শুনে দৌড়ে এক বোতল তেল এনে ছোকরাটার মাথায় ঢেলে দিলেন, হেসে বললেন, ‘নেতাদের তো তেলের ওপর রাখতে হয়, নাকি!’
গাছে কাঁঠাল গোঁফে তেল কথাটার অর্থ বুঝতে পেরে ছেলে দুটো গোপালের পা জড়িয়ে ধরল, ‘গুরু, এত দিন কোথায় ছিলেন!’
ফাউ শাগরেদ পেয়ে গোপাল একটা মুচকি হাসি দিলেন।
তিনজনে মিলে পার্কে বাদাম চিবুচ্ছেন। ফোনে এসএমএস এল, ‘আপনি লটারিতে ১০ লাখ টাকা জিতেছেন! আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। প্রক্রিয়ার সার্ভিস চার্জ বাবদ এই নম্বরে পাঁচ হাজার টাকা বিকাশ করুন, এখনই। ধন্যবাদ।’
‘হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন’ কথাটির মর্ম যেন গোপালের সামনে। পারলে তখনই টাকা পাঠিয়ে দেন। রতন, দুই শাগরেদের একজন, মানা করল। ‘গুরু এসব জালিয়াতি’ বলে সব বুঝিয়ে বলল। গোপাল একই সঙ্গে বিস্মিত এবং কৃতজ্ঞতা বোধ করলেন।
একটু পর ফেসবুকে ঢুকলেন গোপাল। একটি ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। নাম ‘তন্বী তান্নি’। এবার আর গোপালকে আটকানো গেল না। সঙ্গে সঙ্গে একসেপ্ট করে ফেললেন। একি! মেয়ে তো অনলাইনে। মেসেজ পাঠিয়েছে, ‘হাই গোপালদা। কেমন আছেন?’
‘আপনি খুব কিউট!’, ‘আপনি কোথায় আছেন?’, ‘আপনার সাথে দেখা করতে ইচ্ছে করছে।’, ‘আজকেই হোক না...’—জাতীয় কথোপকথন চলতে লাগল। এরই মধ্যে বিশ্বস্ত শাগরেদদ্বয়, রতন আর মানিক, মেয়েটাকে ‘জেনুইন’ বলে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ‘দাদা, লটকে পড়ুন’ বলে রীতিমতো উৎসাহ দিয়ে দিল। ঠিক হলো, সন্ধ্যায়ই ‘তন্বী তান্নি’ এই পার্কে আসবে। মানিক, রতনও সঙ্গে থাকবে।
রাত নয়টা বেজে গেছে। এখনো কেউ আসেনি। সবাই চলে যাব যাব করছে। এমন সময় গোপাল পিঠে ধাতব স্পর্শ টের পেলেন, ‘দাদা, সদরঘাটের লঞ্চ থেকে পিছু নিয়েছি’, রতনের গলা, ‘কঠিন মাল আপনি। মানিব্যাগ ভরে রেখেছেন টিস্যু পেপারে! ওটা আমাদের দোস্ত হীরা ছিল। ও-ই আবার “তন্বী তান্নি”। এবার বের করেন দেখি কী আছে। কুইক, কুইক...।’
এত বড় ধরা গোপাল এ জন্মে খাননি। ‘হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন’ কথাটির আরেকটি মানে গোপালের চোখের সামনে ভাসছে।