গোলটেবিল বৈঠকে বক্তারা উচ্চশিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে চাই প্রযুক্তি প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমের বিকল্প নেই। উচ্চশিক্ষায় নির্দিষ্ট প্রকল্পের মাধ্যমে পর্যাপ্ত প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব। এই প্রকল্পের আওতায় অত্যাধুনিক প্রযুক্তির সহযোগিতা নিয়ে দেশের বিভিন্ন স্থানের শিক্ষকদের দক্ষতার উন্নয়ন করা যেতে পারে। গতকাল সোমবার ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (ডিআইইউ) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা সংস্কার প্রকল্প—প্রযুক্তি ও শিক্ষা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ পড়েন কানাডার হেলথ কনসোর্টিয়ামের (এইচসিসি) প্রধান নির্বাহী মো. রিয়াল আহসান।বৈঠকের প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, উচ্চশিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে প্রাথমিক পর্যায় থেকেই প্রযুক্তি ও দক্ষতা বাড়ানোর জন্য কাজ করতে হবে। এতে বক্তৃতা করেন ডিআইইউর উপাচার্য আমিনুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এম মনিরুজ্জামান, ডিআইইউর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সবুর খানসহ অনেকে।এইচসিসি প্রকল্পের সহায়তা ও পৃষ্ঠপোষকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ডিআইইউতে পরীক্ষামূলকভাবে ‘বাংলাদেশে উচ্চশিক্ষা সংস্কার প্রকল্পে প্রযুক্তির প্রয়োগ ও সর্বোচ্চ ব্যবহার’ শিরোনামের কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিন বছর মেয়াদি এই প্রকল্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা কার্যক্রমে ইংরেজি ও প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণা করবে। —নুরুন্নবী চৌধুরী