গোল্লা ভাইয়ার কাছে জানতে চাই

প্রশ্ন: কাঁদলে চোখে পানি আসে কেন?
প্রশ্নটি পাঠিয়েছেসায়েম, বরিশাল
উত্তর : জীবনেও কাঁদেনি এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে! না যাবে না। কারণ শিশু জন্ম নেওয়ার পর তার প্রথম কাজই হচ্ছে চিৎকার করে কেঁদে জানান দেওয়া—আমি এসে গেছি। কাঁদারও কত ধরন আছে—কেউ কাঁদে ভেউ ভেউ করে, কেউ ফ্যাচ ফ্যাচ করে, কেউ হাউ মাউ করে কাঁদে। তবে কান্নাকাটির যত ধরনই থাক না কেন, সব কান্নাতেই আছে চোখের জল। ভাবো তো, কেউ কাঁদছে অথচ তার চোখে পানি নেই, সেটা কি বিশ্বাসযোগ্য। তাই বলছিলাম কী, সত্যি সত্যি কাঁদলে চোখে পানি আসবেই। আসলে আমরা যখন খুব বেশি পরিমাণে আবেগঘন হয়ে পড়ি, তখন আমাদের দেহের ভেতর বেশ কিছু প্রতিক্রিয়া দেখা যায়। যেমন: দেহ, মাথা থেকে অতি আবেগের ফলস্বরূপ কিছু রাসায়নিক পদার্থ ও হরমোন নিঃসরণ হয়; যা আমাদের দেহের স্বাভাবিকের জন্য বেশি এবং এই অতিরিক্ত রাসায়নিক পদার্থ ও হরমোন আমাদের দেহে অস্বস্তি তৈরি করে।
কিন্তু মানুষ যখন গভীর কোনো আবেগে (দুঃখ, রাগ ইত্যাদি) কাঁদে, তখন তার দেহ থেকে এসব রাসায়নিক পদার্থ ও হরমোন চোখের পানি হিসেবে বেরিয়ে আসে। আর এ কারণেই কান্নাকাটির পর অনেকে বেশ হালকা ও আরাম বোধ করেন।
গোল্লা ভাইয়ার কাছে তোমরা যদি কিছু জানতে চাও, তবে চিঠি পাঠাও এই ঠিকানায়—
গোল্লা ভাইয়ার কাছে জানতে চাই, গোল্লাছুট, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার, ঢাকা