গোয়ালার অপমৃত্যু!
বন্ধ হয়ে গেল লোকেশন বা অবস্থানভিত্তিক সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গোয়ালা। মাত্র তিন মাস আগে এই সাইটটি কিনেছিল সামাজিক যোগাযোগের শীর্ষ প্রতিষ্ঠান ফেসবুক। এক খবরে টেলিগ্রাফ জানিয়েছে, গোয়ালার বেশ কিছু ফিচার ফেসবুকে যুক্ত করার পর গোয়ালা বন্ধ করে দিলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।গোয়ালা সার্ভিসটি জনপ্রিয় ওয়েবসাইট ফোরস্কয়ারের মতোই কাজ করত। গোয়ালায় ব্যবহারকারীর পক্ষে বিভিন্ন স্থানে অবস্থানের ভিত্তিতে ‘চেক-ইন’ করা ও পয়েন্ট পাওয়া সম্ভব হত। ২০০৯ সালে ফোরস্কয়ারের পাশাপাশি এ সাইটটি চালু হয়েছিল।২০১১ সাল নাগাদ জনপ্রিয়তার বিচারে ফোরস্কয়ার এগিয়ে গেলেও গোয়ালার জনপ্রিয়তায় ঘাটতি দেখা দেয়। এ সময় জাকারবার্গ গোয়ালা কিনে নেন ও গোয়ালার শীর্ষ কর্মকর্তাদের চাকরিতে বহাল রাখেন। তবে প্রযুক্তিবিদদের ধারণা কেবল গোয়ালার কর্মকর্তাদের কাজে লাগিয়েছে ফেসবুক, এ সাইটটির কোনো প্রযুক্তি ব্যবহার করেনি। উল্লেখ্য, ২০১১ সালের ডিসেম্বর নাগাদ গোয়ালা সার্ভিসটিতে ছয় লাখ ব্যবহারকারী ছিলেন। বর্তমানে সাইটটি বন্ধ করে দিয়ে ফেসবুক কর্তৃপক্ষ এর হোম পেজে ধন্যবাদসূচক একটি মেসেজ টানিয়ে দিয়েছে।