দক্ষিণ কোরিয়ার পপ তারকা পার্ক জে স্যাংয়ের (যিনি সাই নামে পরিচিত) গাওয়া গান গ্যাংনাম স্টাইলের ভিডিওটি ইতিমধ্যে ইউটিউবে শত কোটিবারের বেশি দেখা হয়েছে। এই প্রথম ইউটিউবে কোনো ভিডিও এত বেশিবার দেখা হলো। ভিডিওটি গত ১৫ জুলাই অনলাইনে ছাড়া হয়। গতকাল শনিবার পর্যন্ত ১১০ কোটি মানুষ ভিডিওটি দেখে। এই গানের সঙ্গে বিশেষ ভঙ্গিমায় নেচে বিখ্যাত হয়ে গেছেন পার্ক জে স্যাং। গুগল জানায়, প্রতিদিন গড়ে ৭০ লাখ থেকে এক কোটি মানুষ ভিডিওটি দেখেছে। কানাডার প্রখ্যাত সংগীতশিল্পী জাস্টিন বিবারের মিউজিক ভিডিও ‘বেবি’ দেখার রেকর্ডকে ছাড়িয়েছে গ্যাংনাম স্টাইল ভিডিও। ইউটিউবের কর্মকর্তা কেভিন আলোকা তাঁর ব্লগে লিখেছেন, এটা সাইয়ের এক বিরাট সাফল্য। তাঁর নাচের ভঙ্গিটি দারুণ। অনেকে এখন গ্যাংনাম স্টাইল গান গেয়ে ও নেচে তাঁর ভিডিও অনলাইনে ছাড়ছেন। এর মধ্যে রয়েছেন আফগানিস্তানে মোতায়েন ব্রিটিশ সেনারা। তাঁরা ইতিমধ্যে গ্যাংনাম স্টাইলে নেচে তাঁর ভিডিও অনলাইনে ছেড়েছেন। গানের সংবাদসাইট সিএমইউর বাণিজ্যবিষয়ক সম্পাদক ক্রিস কুক বলেন, এ ঘটনায় বোঝা যাচ্ছে ইউটিউব হচ্ছে নাচ ও গানের একটি প্রমোশনাল প্ল্যাটফরম। ইউটিউবের ভিডিওর মধ্যে গ্যাংনাম স্টাইল ভিডিওতে সবচেয়ে বেশি লাইক পড়ায় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সাইকে একটি স্মারক উপহার দিয়েছে। সাই এক বিবৃতিতে বলেন, ‘আমার এই ভিডিও এত মানুষ দেখবে আমি কল্পনাই করিনি। এটা প্রত্যাশার বাইরে।’—বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান