গ্যালাক্সি এস ৪ বনাম আইফোন ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালাক্সি এস ৪ ও আইফোন ৫
গ্যালাক্সি এস ৪ ও আইফোন ৫

কোন স্মার্টফোনটি ব্যবহারকারীদের সবচেয়ে পছন্দের? পছন্দ স্পষ্ট না করলেও সাম্প্রতিক এক জরিপে ব্যবহারকারীরা জানিয়েছেন, তাঁদের সবচেয়ে অপছন্দের ফোনটির নাম।
সম্প্রতি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের মন্তব্য নিয়ে বিশ্লেষণ করেছে ‘উই আর সোশ্যাল’ নামের একটি সোশ্যাল মার্কেটিং এজেন্সি। প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ৫, গ্যালাক্সি এস ৪, ব্ল্যাকবেরি জেড ১০ ও নকিয়া লুমিয়া ৯২০ এই চারটি স্মার্টফোন নিয়ে টুইট ও সামাজিক যোগাযোগ সাইটের মন্তব্য বিশ্লেষণে দেখা গেছে, বাজারে থাকা স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে অপছন্দের ফোন আইফোন ৫। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে প্রতি পাঁচটি মন্তব্যের একটি নেতিবাচক মন্তব্য পেয়েছে আইফোন ৫। পক্ষান্তরে, স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটির ক্ষেত্রে নেতিবাচক মন্তব্য তুলনামূলকভাবে কম।
স্মার্টফোন হিসেবে আইফোন ৫ অপছন্দের আরেকটি কারণ, ২০১২ সালের সেপ্টেম্বর মাসে আইফোন ৫ বাজারে আনার পর থেকে বিনিয়োগকারীরা অ্যাপলের ওপর ঠিক সন্তুষ্ট হতে পারেননি। অ্যাপলের সবচেয়ে ভালো সময়ে বাজারে এলেও আইফোন ৫ বাজারে আসার পর থেকেই অ্যাপলের শেয়ারের দাম পড়তে শুরু করে।

‘উই আর সোশ্যাল’ কর্তৃপক্ষ তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, ২০ শতাংশ ব্যবহারকারী আইফোন ৫ কে অপছন্দ করেন বলে জানিয়েছেন আর ১১ শতাংশ অপছন্দ করেন গ্যালাক্সি এস ৪। তবে সবচেয়ে আলোচিত স্মার্টফোনের শীর্ষে রয়েছে আইফোন ৫।

এদিকে যুক্তরাষ্ট্রের বাজার গবেষকেরা বলছেন, ‘উই আর সোশ্যাল’ পরিচালিত গবেষণা পদ্ধতি নিয়ে সংশয় রয়েছে। তবে বর্তমানে গবেষণার ক্ষেত্রে এখন টুইট ও সামাজিক যোগাযোগের তথ্য বিশ্লেষণ করার পদ্ধতিও চালু হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। 

বাজার গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগের সাইটে জনপ্রিয়তা পেতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করার ফলে স্যামসাং এ ধরনের সাফল্য পেয়েছে। অন্যদিকে অ্যাপল সব সময় উদ্ভাবনী প্রযুক্তিপণ্য এনে চমকে দিয়ে থাকে। ভবিষ্যতে হয়তো বাজার পরিকল্পনা বনাম উদ্ভাবনী পণ্যের যুদ্ধ দেখা যাবে।