গ্যালাক্সি এস ৫ স্মার্টফোনের দুর্বলতা!

স্যামসাং গ্যালাক্সি এস ৫ স্মার্টফোন আনলক করতে যে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ ব্যবহৃত হয় তা নকল করতে পারে হ্যাকাররা। সম্প্রতি ফায়ারআই নামের একটি সফটওয়্যার নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিশেষ একটি ত্রুটির কারণে ব্যক্তিগত তথ্য চুরি করে তা অন্য কোথাও ব্যবহার করতে পারে দুর্বৃত্তরা। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, শুধু স্যামসাং নয় অ্যান্ড্রয়েডনির্ভর যে ফোনগুলোতে ফিঙ্গারপ্রিন্ট আইডি সিস্টেম ব্যবহৃত হয় সবগুলোর ক্ষেত্রেই এই ঝুঁকি রয়েছে।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা নিরাপত্তা সম্পর্কিত বিষয় খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাই গবেষকেদের নতুন এই আবিষ্কারের বিষয়টি তাঁরা খোঁজখবর নিয়ে দেখবে।
এখন অধিকাংশ স্মার্টফোন থেকে অর্থ লেনদেন বেড়ে যাওয়ার ফোনের সুরক্ষিত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে পাসওয়ার্ডের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট আইডি সিস্টেম ব্যবহৃত হচ্ছে।
ফায়ারআইয়ের গবেষক ইউলং ঝ্যাং ও টাও উই মোবাইল ফোন লক হয়ে যাওয়ার আগে আইডি হ্যাক করে ফেলার পদ্ধতিটি বের করেছেন। এই পদ্ধতিতে অ্যান্ড্রয়েড ৫.০ বা তার চেয়ে পুরোনো সংস্করণের অপারেটিং সিস্টেম থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব।
গবেষকেরা বলেন, স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৫ স্মার্টফোন হ্যাক করতে দুর্বৃত্তদের খুব বেশি ভেতরে যাওয়ার দরকার পড়ে না। এই স্মার্টফোনের মেমোরি থেকেই স্ক্যান সংক্রান্ত তথ্য বের করে নেওয়া যায়। এই পদ্ধতিতে ভুয়া লক স্ক্রিন তৈরি করে আবার মোবাইলে সেট করে দেওয়া যায়। যাতে অর্থ লেনদেনের সময় স্মার্টফোন ব্যবহারকারীকে ধোঁকা দেওয়া সম্ভব।
২৪ এপ্রিল সান ফ্রান্সিসকোতে আরএসএ নিরাপত্তা সম্মেলনে এই নিরাপত্তা ত্রুটি সম্পর্কিত তথ্য জানাবেন বিশেষজ্ঞরা।
ফোর্বস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মি. ঝ্যাং জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ৫.০ বা এর নিচের যেকোনো সংস্করণ চালিত স্মার্টফোনে সফটওয়্যার ত্রুটি রয়েছে যাতে ফিঙ্গারপ্রিন্ট আইডি সিস্টেম হ্যাক করা যায়। তাই অ্যান্ড্রয়েডের হালনাগাদ সংস্করণ ৫.১. ১ ব্যবহার করা সুবিধাজনক। এতে ঝুঁকি কমে যাবে।
গত বছরের এপ্রিল মাসে হ্যাকাররা গ্যালাক্সি এস ৫ ফোনের প্রিন্ট সেন্সরকে ধোঁকা দিয়ে নিরাপত্তা ভেঙে দেখিয়েছিলেন। ২০১৩ সালে জার্মানির হ্যাকাররা একই রকমভাবে অ্যাপলের আইফোন ৫ হ্যাক করে দেখিয়েছিলেন।