গ্যালাক্সি এস ৬ ও এস৬ এজের চাহিদা বেশি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে গ্যালাক্সি এস ৬ ও এস৬ এজের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন স্যামসাং ও গ্রামীণফোনের কর্মকর্তারা।
বাংলাদেশে গ্যালাক্সি এস ৬ ও এস৬ এজের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন স্যামসাং ও গ্রামীণফোনের কর্মকর্তারা।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাং দাবি করেছে, তাদের গ্যালাক্সি এস ৬ ও এস৬ এজ দুটি মোবাইলের ক্ষেত্রেই প্রত্যাশার চেয়েও বেশি চাহিদা দেখা গেছে। যে পরিমাণ স্মার্টফোন বিক্রি হবে বলে স্যামসাং প্রথমে আশা করেছিল তার চেয়েও বেশি স্মার্টফোনের চাহিদা তৈরি হয়েছে।

স্যামসাং মোবাইল বিভাগের প্রধান জেকে শিন বলেছেন, বাঁকানো ডিসপ্লের গ্যালাক্সি এস ৬ এজ স্মার্টফোনটির চাহিদা পূরণে হিমশিম খেতে হচ্ছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, চলতি মাস থেকে বিশ্বের বিভিন্ন দেশে গ্যালাক্সি সিরিজের নতুন দুটি ফোন বিক্রি শুরু হওয়ার বছরের এই প্রান্তিকে স্যামসাংয়ের আয়ের পরিমাণ বেড়ে যাবে।
বার্তা সংস্থা রয়টার্সকে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, স্বল্প মেয়াদে ফোনের চাহিদা পূরণে আমাদের সমস্যার মুখে পড়তে হলেও চাহিদা অনুযায়ী মোবাইল সরবরাহের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বিশ্বজুড়ে এই গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের জন্য কী পরিমাণ আগাম ফরমায়েশ জমা পড়েছে সে বিষয়ে অবশ্য কোনো তথ্য প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
১৩ এপ্রিল বাংলাদেশের বাজারে মোবাইল অপারেটর গ্রামীণফোনের সহযোগিতায় গ্যালাক্সি সিরিজের এই দুটি ফোন উন্মুক্ত করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা অ্যালান বঙ্কে ও স্যামসাং মোবাইল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন বাংলাদেশের বাজারে এই স্মার্টফোন উন্মুক্ত করেন।
১৪ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে প্রি-বুকিং বা আগাম ফরমায়েশ দেওয়া ক্রেতারা গ্যালাক্সি সিরিজের এই দুটি স্মার্টফোন হাতে পেতে শুরু করেছেন। আগামীকাল ১৭ এপ্রিল থেকে সব গ্রাহকদের জন্য এই ফোন বিক্রি শুরু করবে স্যামসাং।
বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস ৬ এর দাম ৬৯ হাজার ৯০০ টাকা এবং এস ৬ এজ এর দাম ৭৯ হাজার ৯০০ টাকা। গ্রামীণফোন গ্রাহকেরা হ্যান্ডসেটগুলোর সঙ্গে পাচ্ছেন ফ্রি অ্যাকসেসরিজ, ডেটা প্যাক এবং ২৪ মাসের ইএমআই সুবিধা।
গ্যালাক্সি এস ৬ এবং গ্যালাক্সি এস ৬ এজ পাওয়া যাচ্ছে হোয়াইট পার্ল, ব্ল্যাক স্যাফায়ার, গোল্ড প্লাটিনাম, ব্লুটোপাজ (শুধুমাত্র এস ৬ এর জন্য) এবং গ্রিন এমরাল্ড (শুধুমাত্র এস ৬ এজ এর জন্য) রঙে।
সম্প্রতি বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি এস ৬ ও এস ৬ এজ স্মার্টফোন দুটি উন্মুক্ত করে স্যামসাং। দীর্ঘদিন ধরেই প্রযুক্তি বিশ্বে স্যামসাংয়ের নতুন এই দুটি মডেলের স্মার্টফোন নিয়ে গুঞ্জন ছিল। নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনতে ধাতব কাঠামো ব্যবহার করেছে স্যামসাং। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেছেন, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তৈরি ধাতব কাঠামোর স্মার্টফোনের চেয়ে তাদের স্মার্টফোন ৫০ শতাংশ বেশি টেকসই।
নতুন স্মার্টফোনে রয়েছে পাঁচ দশমিক এক ইঞ্চি মাপের সুপারঅ্যামোলেড স্ক্রিন (১৪৪০ বাই ২৫৬০ রেজুলেশন) যাতে বিশ্বের স্মার্টফোনের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি পিক্সেল ঘনত্ব রয়েছে বলে স্যামসাং দাবি করেছে। এতে রয়েছে ৬৪ বিটের ২.১ গিগাহার্টজ অক্টা কোর এক্সিনোস ৭ প্রসেসর যা স্যামসাংয়ের পূর্ববর্তী মডেলের স্মার্টফোনের চেয়ে ৩৫ শতাংশ দ্রুতগতির। এই স্মার্টফোনে ডিডিআর ৩ র‍্যাম পরিবর্তে ডিডিআর ৪ র‍্যাম ব্যবহার করায় স্মার্টফোনের মেমোরি পারফরম্যান্স ৮০ শতাংশ বাড়বে। এ ছাড়াও দুটি মডেলের স্মার্টফোনে দ্রুতগতির ফ্ল্যাশ স্টোরেজ সুবিধা যুক্ত হয়েছে। মাইক্রোএসডি স্টোরেজ সুবিধা ছাড়া এই ফোন ৩২,৬৪ ও ১২৮ গিগাবাইট স্টোরেজ সুবিধার মডেলে পাওয়া যাবে। স্মার্টফোনের পেছনে এফ ১.৯ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ক্যামেরা অ্যাপও উন্নত করেছে প্রতিষ্ঠানটি।
স্মার্টফোন দুটি মডেলে মাত্র ১০ মিনিটে চার্জ দিয়ে চার ঘণ্টা চালানো যাবে। অবশ্য, স্যামসাং তাদের এই দুটি মডেলের স্মার্টফোনে ব্যাটারি পরিবর্তন করার কোনো সুযোগ রাখেনি।