গ্যালাক্সি এসথ্রির বিক্রি এক কোটির বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শীর্ষ স্মার্টফোনের নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্র্রনিকস তাদের সবচেয়ে নতুন মডেল গ্যালাক্সি এসথ্রি বাজারে ছাড়ার পর প্রায় দুই মাসের মধ্যে এক কোটির বেশি ইউনিট বিক্রি করেছে। গত রোববার এক প্রতিবেদনে এ কথা বলা হয়। চলতি মাসের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলেছিল, তারা আশা করছে, আগামী তিন মাসের মধ্যে ৫৯০ কোটি ডলার লাভ ঘরে তুলবে। স্যামসাংয়ের মোবাইল কমিউনিকেশনস ডিভিশনের প্রধান জে কে শিনের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানায়, গ্যালাক্সি এসথ্রি মডেলের ফোন শুধু দক্ষিণ কোরিয়াতেই বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ ইউনিট। আর অন্যান্য দেশে বিক্রি হয়েছে ৯০ লাখের বেশি। বিশ্বের ১৪০টির বেশি দেশে স্যামসাংয়ের নতুন মডেলের এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে। নতুন এই স্মার্টফোনে রয়েছে চেহারা শনাক্তকরণ প্রযুক্তি এবং শক্তিশালী প্রসেসর। এতে আরও রয়েছে ৪ দশমিক ৮ ইঞ্চি মনিটর, যা আগের গ্যালাক্সি এসটু সংস্করণের চেয়ে ২২ শতাংশ বড়। এখানে এমন এক প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যা মানুষের চোখের পাতার ওঠানামা শনাক্ত করতে পারে এবং ব্যবহারকারী যতক্ষণ মনিটরের দিকে তাকিয়ে থাকবে, তখন এটি বন্ধ হবে না। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে রোকেয়া রহমান