গ্যালাক্সি এস৩ এবার কালো ও বাদামি রঙে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদা আর নীল—এই দুই রঙের স্যামসাং গ্যালাক্সি এস৩ স্মার্টফোন বাজারে প্রচলিত। সম্প্রতি জানা গেছে, রঙের ক্ষেত্রে আরও বৈচিত্র্য আনতে যাচ্ছে স্যামসাং। সাদা ও নীলের পাশাপাশি কালো ও বাদামি রঙের গ্যালাক্সি এস৩ স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠান। বাংলাদেশের স্যামসাং মোবাইল ফোন সূত্র জানিয়েছে, চলতি বছরের অক্টোবর নাগাদ বাদামি রঙের গ্যালাক্সি এস৩ বাজারে আসবে। আর কালো রঙের স্যামসাং এস৩-এর তথ্য অ্যান্ড্রয়েড প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘অ্যান্ড্রয়েড পুলিশ’-এর বরাতে জানিয়েছে পিসি ম্যাগ।‘অ্যান্ড্রয়েড পুলিশ’ দাবি করেছে, স্যামসাংয়ের পণ্যতালিকার গোপন তথ্য তাদের হাতে এসেছে। ওই তালিকায় ‘স্যামসাং গ্যালাক্সি এস৩ ব্ল্যাক’ স্মার্টফোনের উল্লেখ রয়েছে। অ্যান্ড্রয়েড পুলিশ আরও জানিয়েছে, কালো রঙের এস৩-এর জন্যই সম্ভবত স্যামসাং মোবাইল ফোনের ফেসবুক পাতার রং পরিবর্তন করে কালচে করা হয়েছে।স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি এস৩ স্মার্টফোন বাজারে দারুণ সাড়া ফেলেছে। এই স্মার্টফোন বাজারে আসার দুই মাসের মধ্যে এক কোটির বেশি ইউনিট বিক্রি হয়েছে। শুধু দক্ষিণ কোরিয়াতেই এস৩ বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ ইউনিট, আর অন্যান্য দেশে বিক্রি হয়েছে ৯০ লাখের বেশি। বিশ্বের ১৪০টির বেশি দেশে স্যামসাংয়ের নতুন মডেলের এ স্মার্টফোন এখন পাওয়া যাচ্ছে।প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, সাদা ও নীল রঙের পাশাপাশি গাঢ় কালো রঙের গ্যালাক্সি এস৩ বাজারে এলে এর বিক্রি আরও বাড়বে।নতুন এই স্মার্টফোনে রয়েছে চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ও শক্তিশালী প্রসেসর। আরও রয়েছে ৪ দশমিক ৮ ইঞ্চি মাপের পর্দা, যা আগের গ্যালাক্সি এস২ সংস্করণের চেয়ে ২২ শতাংশ বড়। এখানে এমন এক প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যা মানুষের চোখের পাতার ওঠানামা শনাক্ত করতে পারে এবং ব্যবহারকারী যতক্ষণ পর্দার দিকে তাকিয়ে থাকবে, ততক্ষণ এটি বন্ধ হবে না। এতে রয়েছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণের অপারেটিং সিস্টেম। বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস৩ স্মার্টফোনের দাম সাড়ে ৬৭ হাজার টাকা।