গ্যালাক্সি এস৪ কে ছাড়িয়ে শীর্ষে আইফোন ৫এস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোন ৫এস বনাম গ্যালাক্সি এস৪
আইফোন ৫এস বনাম গ্যালাক্সি এস৪

বিক্রির হিসেবে স্যামসাংয়ের তৈরি জনপ্রিয় স্মার্টফোন গ্যালাক্সি এস৪ কে ছাড়িয়েছে অ্যাপলের আইফোন ৫এস ও আইফোন ৫। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট এ বছরের অক্টোবর মাস পর্যন্ত ৩৩ টি দেশের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য জানিয়েছে।

গতকাল ১২ ডিসেম্বর কাউন্টারপয়েন্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সরবরাহ স্বল্পতা স্বত্বেও আইফোন৫এস দ্রুত জনপ্রিয় স্মার্টফোনে পরিণত হয়েছে। অক্টোবর মাসের হিসেবে গ্যালাক্সি এস৪কে ছাড়িয়ে গেছে আইফোন ৫এস। নভেম্বর ও ডিসেম্বর মাসে আইফোন ৫এস স্মার্টফোন আরও জনপ্রিয় হয়েছে বলেই কাউন্টারপয়েন্টের প্রতিবেদনে জানানো হয়েছে।কাউন্টারপয়েন্টের ‘মার্কেট পালস’ প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বাজারে আইফোন সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। বাজারে আসার মাত্র এক মাসের মধ্যে চীনের বাজারে আইফোনের ৯ শতাংশ জনপ্রিয়তা বেড়েছে।

গ্যালাক্সি এস৪ বনাম আইফোন ৫এস
গ্যালাক্সি এস৪ বনাম আইফোন ৫এস

জনপ্রিয় স্মার্টফোনের তালিকার শীর্ষে রয়েছে আইফোন৫এস, দ্বিতীয় অবস্থানে রয়েছে আইফোন ৫। তালিকার তৃতীয় স্থানটি গ্যালাক্সি এস৪ স্মার্টফোনের। এরপরের অবস্থানটি আইফোন৫এসের সঙ্গে বাজারে আসা আইফোন৫সি-এর। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে গ্যালাক্সি নোট৩, গ্যালাক্সি এস৩ ও গ্যালাক্সি এস ফোর মিনি। তালিকায় অষ্টম স্থান দখল করেছে নকিয়া ১০৫।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কুপারটিনো শহরে ১০ সেপ্টেম্বর আইফোন৫এস ও আইফোন৫সি নামের দুটি মডেলের স্মার্টফোনের ঘোষণা দিয়েছিল অ্যাপল। বিশ্বের ১১ টি দেশে ২০ সেপ্টেম্বর থেকে আইফোন ৫এস ও ৫সি বিক্রি শুরু করে অ্যাপল। অ্যালুমিনিয়ামের কাঠামোর আইফোন ৫এসে রয়েছে দ্রুতগতির এ৭ প্রসেসর। আইফোনের এ সংস্করণে ডুয়াল এলইডি ফ্ল্যাশযুক্ত আট মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।  এতে রয়েছে টাচ আইডি সেন্সর, যা ফিংগার প্রিন্ট শনাক্ত করতে পারে। ১৬ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার আইফোন ৫এস মডেলের দাম ৬৪৯ মার্কিন ডলার। আইফোন ৫সি মডেলটি ৫এসের তুলনায় সাশ্রয়ী। পলিকার্বনেট বা শক্ত প্লাস্টিকের তৈরি আইফোন ৫সির ৩২ গিগাবাইট তথ্য ধারণক্ষমতার মডেলটির দাম ৫৪৯ মার্কিন ডলার।

এ বছরের এপ্রিল মাসে বাজারে এসেছিল স্যামসাংয়ের গ্যালাক্সি এস৪ আর ২০১২ সালের সেপ্টেম্বরে বাজারে এসেছিল আইফোন ৫।

এর আগে অক্টোবর মাসে যুক্তরাজ্যের হুইচ? সাময়িকীর হিসেবেও গ্যালাক্সি এস৪কে পেছনে ফেলেছে অ্যাপলের সর্বশেষ স্মার্টফোনটি।