গ্যালাক্সি নোট ৭ দোরগোড়ায়!

দুবাইয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি নোট ৭-এর জন্য আগাম ফরমাশ নেওয়া শুরু হয়েছে। আগামী ২ আগস্ট ফোনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের নতুন এই ফোন নিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোয় চলছে নানা গুঞ্জন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইলের তথ্য অনুযায়ী, সম্প্রতি স্যামসাংয়ের নতুন এই স্মার্টফোনের ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন ফোনটিতে গ্যালাক্সি নোটের পুরোনো সংস্করণের চেয়ে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করেছে স্যামসাং। এর মধ্যে রয়েছে আইরিশ স্ক্যানার, বাড়তি ব্যাটারি লাইফ প্রভৃতি। এ ছাড়া সোনালি রঙের একটি নতুন মডেলের নোট ৭ বাজারে ছাড়তে পারে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
নোট ৭ স্মার্টফোনটি হবে ৬ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লেযুক্ত। এতে এক্সিনোজ ৮৮৯৩ চিপসেট বা স্ন্যাপড্রাগন ৮২১ চিপসেট থাকতে পারে। ফোনের র্যাম হবে ৬ জিবি। এতে থাকবে ইউএসবি টাইপ-সি, ২৫৬ জিবি স্টোরেজ, পেছনে ১২ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটি হবে পানিরোধী। তথ্যসূত্র : এনডিটিভি।