গ্যালাক্সির রহস্যময় নতুন অতিথি!
স্মার্টফোন ও ইলেকট্রনিকস পণ্য নির্মাতা স্যামসাং গ্যালাক্সি সিরিজে নতুন ডিভাইস যোগ করার ঘোষণা দিয়েছে। অবশ্য নতুন পণ্যটি সম্পর্কে খানিকটা রহস্য রেখে দিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে টেলিগ্রাফ অনলাইন জানিয়েছে, স্যামসাং তাদের পণ্য ঘোষণা দেওয়ার জন্য এবার অ্যাপলের ধাঁচে অনুষ্ঠান করছে। সাধারণত কোনো পণ্য সম্পর্কে আগে কোনো তথ্য প্রকাশ করে না অ্যাপল। স্যামসাং শুধু অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কাছে পাঠানো কার্ডে লিখেছে, ‘আসুন এবং পরবর্তী গ্যালাক্সির সঙ্গে পরিচিত হন।’নতুন পণ্যটি সম্পর্কে ৩ মে লন্ডনে অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানে ঘোষণা দেবে স্মার্টফোন রাজ্যে প্রাধান্য বিস্তারকারী প্রতিষ্ঠানটি।অবশ্য স্যামসাং তাদের পণ্যের তথ্য প্রকাশ না করলেও প্রযুক্তি বিশ্লেষকেরা পণ্যটি কী হতে পারে আগেভাগেই তা ধারণা করে বসেছেন। তাঁদের ধারণা, গ্যালাক্সি সিরিজে যে নতুন স্মার্টফোনটি স্যামসাং আনছে, এর নাম হতে পারে ‘স্যামসাং গ্যালাক্সি এস ৩’। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর এ স্মার্টফোনটি হতে পারে ৪.৬ বা ৪.৩ ইঞ্চি মাপের। এতে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা ও তারবিহীন চার্জ দেওয়ার প্রযুক্তি থাকতে পারে বলেই তাঁদের ধারণা।উল্লেখ্য, স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিরিজের দ্বিতীয় সংস্করণটি ২০১১ সালের সেরা স্মার্টফোনের পুরস্কার জিতে নিয়েছিল। এ বছর বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি সিরিজের তৃতীয় সংস্করণটি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। আর এ সূত্র থেকেই প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন স্যামসাং গ্যালাক্সি এস ৩ হতে যাচ্ছে নতুন অতিথি।তবে স্যামসাংয়ের নতুন অতিথি বা চমক হিসেবে ৭ ইঞ্চি সংস্করণের ট্যাবলেটের বিষয়টির কথাও ভাবছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।