গ্যালাপাগোস কচ্ছপের নতুন প্রজাতি

ইকুয়েডরসহ আন্তর্জাতিক গবেষকেদের একটি দল গতকাল বুধবার গ্যালাপাগোস দ্বীপে বড় আকারের কচ্ছপের একটি প্রজাতির সন্ধান পেয়েছেন। আজ বৃহস্পতিবার এএফপির খবরে এ কথা জানানো হয়।
ইকুয়েডরের পরিবেশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নতুন এ প্রজাতির কচ্ছপের সংখ্যা হতে পারে কয়েক শ। গবেষকেরা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন, সান্তা ক্রুজ দ্বীপ এলাকায় দুটি প্রজাতির বড় কচ্ছপ থাকতে পারে। এ কচ্ছপগুলোর জিন পরীক্ষা করে দেখা গেছে, দ্বীপটির পূর্ব দিকে বসবাসকারী কচ্ছপগুলোর প্রজাতি ভিন্ন।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক গিসেলা ক্যাকোনি গবেষক দলের নেতৃত্ব দেন। তাঁরা নতুন এ প্রজাতির নাম দিয়েছেন ‘চেলোনোইডিস ডনফোসতোই’। ‘লোনসাম জর্জ’ নামের একটি কচ্ছপের রক্ষণাবেক্ষণকারী ‘ফোসতো লিরেনার’ নামানুসারেএর নাম রাখা হয়েছে।
২০১২ সালের জুনে জর্জ নামের ওই কচ্ছপটি মারা যায়। বিশাল এক ভূচর কচ্ছপ ছিল জর্জ। ইকুয়েডরে গ্যালাপাগোস ন্যাশনাল পার্কে ঘুরে বেড়াত সে। জর্জের মৃত্যুর মাধ্যমে কচ্ছপের একটি উপপ্রজাতি বিলুপ্ত হয় বলে ধারণা করেছিলেন গবেষকেরা। ৪০ বছর ধরে জর্জের দেখভাল করার দায়িত্ব পালন করেছিলেন ফোসতো লিরেনা।
ইকুয়েডরের গবেষক ওয়াশিংটন টাপিয়া জানান, ২৫০-৩০০ কচ্ছপ হয়তো সেখানে আছে। খোলের গঠন ভিন্ন হওয়ায় ২০০২ সালে এ প্রজাতির কচ্ছপ নিয়ে গবেষণা শুরু হয়। ২০০৫ সালে এ গবেষণার প্রাথমিক ফলাফলেও একই তথ্য পেয়েছিলেন তাঁরা।
গবেষকেরা বলেন, খোলস আলাদা হলেও মূল পার্থক্য হচ্ছে জিনগত।
গবেষকেরা বলছেন, নতুন এই আবিষ্কারের ফলে ইকুয়েডরের ওই দ্বীপটিতে এখন কচ্ছপের প্রজাতি দাঁড়াল ১৫। এর মধ্যে চারটি বিলুপ্ত হয়ে গেছে।
ইকুয়েডর থেকে ৬২০ মাইল পশ্চিমে প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্যালাপাগোস আর্কিপেলাগো। এখানে যে বাস্তুসংস্থান রয়েছে, এতে বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক ভিন্ন প্রজাতির প্রাণীর দেখা যায়। ১৯৭৯ সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে।