গ্যাস বাড়ানোর উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত একদিকে বাড়ে, অন্যদিকে কমতে থাকে রান্নার চুলায় গ্যাসের পরিমাণ। সেই পরিমাণ এমন পর্যায়ে নেমে আসে যে পিঁপড়ারা পর্যন্ত চুলার পাশে এসে শরীর গরম করে নেয়। অন্যদিকে, চুলায় আগুন না জ্বলার কারণে আপনার পেটের আগুন বাড়তে থাকে দাউ দাউ করে। এমন পরিস্থিতিতে আপনার রান্নার চুলায় গ্যাস বাড়ানোর পাঁচটি দুর্দান্ত উপায় বাতলে দিচ্ছে রস+আলো।

.
.

কবিতাপদ্ধতি
চুলার সামনে গিয়ে বেছে বেছে বিদ্রোহী কবি নজরুলের কয়েকটা আগুন-গরম কবিতা পড়তে হবে। আগুন-গরম বলতে বোঝানো হচ্ছে যে কবিতাগুলো পড়তে গিয়ে আপনার রক্তে আগুন জ্বলে ওঠে। এ রকম কয়েকটা কবিতা একনিষ্ঠ মনে আবৃত্তি করে যান। দেখবেন, কবিতার আগুন গ্যাসের ভেতরেও উদ্দীপনা সঞ্চালন করবে। এলাকার সব গ্যাস দলবেঁধে হাজির হবে আপনার চুলায়। ফলে আপনার ঢিম আঁচের চুলাতেও এক নিমেষে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে।

.
.

ভাষণপদ্ধতি
বিরোধীদলীয় নেতাগোছের কাউকে বাসায় দাওয়াত দিন। তারপর তাঁকে রান্নাঘরে নিয়ে যান। সেখানে চুলার পাশে দাঁড় করিয়ে তাঁর সামনে সরকারের কিছু গুণগান করুন। ব্যস, এরপর আপনার আর কিছু করতে হবে না। দেখবেন, সেই নেতা উত্তেজিত হয়ে ‘জালিম’ সরকারের অন্যায়-অত্যাচারের নিখুঁত বর্ণনা দেওয়া শুরু করবেন। বর্ণনা দিতে দিতে একপর্যায়ে নেতা উত্তেজিত হয়ে হরতাল, অবরোধ ইত্যাদি ডেকে বসবেন। আর হরতাল-অবরোধ মানেই তো জ্বালাও-পোড়াও। আর জ্বালাও-পোড়াও মানেই আগুন। ফলে বিরোধীদলীয় নেতার কথাবার্তায় উত্তেজিত হয়ে সাঁই সাঁই করে আপনার চুলায় গ্যাস এসে হাজির হবে। সেই সুযোগে আপনি চট করে আপনার রান্নাটা সেরে নিতে পারবেন।

.
.

অর্থের প্রলোভনপদ্ধতি
চুলার সামনে গিয়ে কয়েকটা হাজার টাকার নতুন নোট দিয়ে বাতাস করতে থাকুন। আর বলতে থাকুন, ‘আয় গ্যাস, আয়...আয় গ্যাস, আয়।’ আমরা সবাই জানি, টাকার পেছনে দুনিয়া ছোটে; আর গ্যাস তো কোন ছার! ফলে ধৈর্য ধরে ডাকতে থাকুন আর চুলার ওপর টাকা দিয়ে বাতাস করতে থাকুন। দেখবেন, টাকার গন্ধে আপনার চুলায় গ্যাসের সরবরাহ আচমকা বেড়ে গেছে।

.
.

প্রতারণাপদ্ধতি
ছদ্মবেশে একটা মাইক আর রিকশা ভাড়া করে আশপাশের এলাকায় মাইকিং করে দিন—প্রতিদিন সকাল ১০টা পর্যন্ত চুলা বন্ধ রাখলে বেলা ১১টায় পূর্ণশক্তিতে গ্যাস ব্যবহার করা যাবে। দেখবেন, এই প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে অনেকেই তাদের চুলা বন্ধ রাখবে। ফলে তখন আপনার চুলায় গ্যাসের সরবরাহ বেড়ে যাবে। এই সুযোগে আপনি শান্তিমতো কয়েকটা দিন রান্নাবান্না করতে পারবেন।

.
.

ব্যক্তিগত গ্যাস-পদ্ধতি
গ্যাসের অভাবে রান্নার সময় গেছে ওলটপালট হয়ে। সঙ্গে ওলটপালট হয়ে গেছে আপনার খাবারের সময়। ফলে আপনার পেটই এখন গ্যাসের অফুরন্ত ভান্ডার। তাই লাইনের গ্যাসের ভরসায় বসে না থেকে নিজের গ্যাসের সদ্ব্যবহার করুন। চুলার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ লাফালাফি করুন। এতে আপনার ভেতরের গ্যাস মুখ দিয়ে বেরিয়ে আসবে। গ্যাস যখন বের হবে, ঠিক তখনই একটা পাইপের সাহায্যে গ্যাসগুলো সিলিন্ডারে ভরে সংরক্ষণ করুন। এভাবে ব্যক্তিগত গ্যাসের ব্যবহার বাড়ালে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ আপনাআপনিই বেড়ে যাবে।