গ্রহাণুর বুকে পানির উপস্থিতি!

আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহাণু এবং ক্ষুদ্রতম ‘বামন গ্রহ’ সেরাস। এবার এই সেরাসের বরফের আগ্নেয়গিরি বা বরফের দাগ থেকে জলীয় বাষ্পের চিহ্ন পাওয়া গেল। তার মানে, পানির উপস্থিতি নতুন করে উসকে দিল সেই পুরোনো প্রশ্নটি—এই সুবিশাল সৌরজগতে প্রাণের জগৎ কি কেবল পৃথিবীতেই রয়েছে, না কি সেরাসের বুকে নিঃশ্বাস নেয় অন্য কোনো প্রাণও?
সূর্য থেকে ৪১ কোটি ৯০ লাখ কিলোমিটার দূরে অবস্থিত সেরাস নিয়ে প্রাচীনকাল থেকেই বিজ্ঞানীদের মধ্যে বিপুল উৎসাহ ছিল।
এবার সেরাসের বুকে পানির উপস্থিতি এক লাফে এই গ্রহাণুকে সৌরজগতের অভিজাত গ্রহদের মর্যাদায় নিয়ে গেল। বৃহস্পতির উপগ্রহ ইউরোপা এবং শনির উপগ্রহ এনসেলাডাসে বরফের জমির ওপর পানির উপস্থিতি থাকতে পারে বলে আগেই অনুমান ছিল মহাকাশ বিজ্ঞানীদের। পানির উপস্থিতি সেখানে প্রাণের সম্ভাবনার দিকেও ইঙ্গিত দেয়। এবার সেই তালিকায় জুড়ে গেল সেরাসের নামও।
ইউরোপের ইনফ্রারেড প্রযুক্তিসমৃদ্ধ হার্সচেল মহাকাশ টেলিস্কোপের মাধ্যমে সেরাস গ্রহাণুতে বাষ্পের উপস্থিতি আবিষ্কার করা হয়। আর এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী নেচার।
গবেষকেরা জানিয়েছেন, সেরাস গ্রহাণুর উপরিপৃষ্ঠের অন্ধকারাচ্ছন্ন অংশ থেকে বাষ্প আসছে। কিন্তু এর কারণ তাঁদের অজানা।
ধারণা করা হচ্ছে, সেরাসের ওপরের পৃষ্ঠে অথবা এর কাছাকাছি থাকা বরফ সূর্যের তাপে সরাসরি বাষ্পে পরিণত হয়ে মহাকাশে হারিয়ে যাচ্ছে।
তবে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইএসএ) গবেষক মাইকেল কুপেরসের মত ভিন্ন। তিনি বলছেন, ভিন্ন কোনো কিছুও এই বাষ্পের কারণ হতে পারে। এমনও হতে পারে সেরাসের মধ্যে কিছু পরিমাণ শক্তি অবশিষ্ট আছে। এই শক্তির কারণে পৃথিবীর উষ্ণ প্রসবণের মতোই সেখানে পানি থেকে বাষ্প তৈরি হচ্ছে। আবার এ ঘটনায় অবাকও হয়েছেন মাইকেল কুপেরস। তিনি বলেন, এমন পানির চিহ্ন আসলেই বিস্ময়কর।
২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইএসএর বিজ্ঞানীরা সেরাসের ওপর নজর রেখে দেখেছেন, গ্রহাণুটির দুই মেরু থেকে প্রতি সেকেন্ডে ছয় কিলোগ্রাম পানি মহাশূন্যে নির্গত হয়।
নাসার বিজ্ঞানীদের দাবি, পৃথিবী নয়, সেরাসের আবহাওয়া অনেকটা ধূমকেতুর মতো। এর মাধ্যাকর্ষণ শক্তি কম বলেই বরফের আগ্নেয়গিরি থেকে নির্গত পানি মহাশূন্যে মুক্তি পায়। তবে সেরাসে কম ক্ষমতার উষ্ণ প্রস্রবণ থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি তাঁরা। বিবিসি।