গ্রাফিক ডিজাইনারদের জন্য যোগাযোগমাধ্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একজন মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সারের আগের কাজের তালিকা (পোর্টফোলিও) তৈরি করে রাখা গুরুত্বপূর্ণ। ক্রুভস ডটকম হচ্ছে ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনারদের যোগাযোগের একটি মাধ্যম। এটি একই সঙ্গে মার্কেটপ্লেস (যেখানে আউটসোর্সিংয়ের কাজ পাওয়া যায়)। আবার এখানে এসে কাজও খোঁজা যায়। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তের গ্রাফিক ডিজাইনাররা তাঁদের প্রকল্প জমা রাখতে পারেন এবং অন্য ব্যবহারকারীরা সেখানে কাজের ধরন বুঝে নিজ নিজ মতামত জানাতে পারবেন। কাজ ভালো বা সুন্দর মনে হলে তাতে লাইক দেওয়া যাবে। লাইক বেশি হলে সে কাজটি জনপ্রিয় হয়ে উঠবে।

আপনি গ্রাফিক ডিজাইনার হলে ক্রুভসে আপনার নকশাগুলো নিজের পোর্টফলিও হিসেবে জমা করে রাখতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশের ডিজাইনারদের নকশা দেখে গ্রাফিক ডিজাইন করার কাজে উৎসাহ এবং ধারণাও পাবেন। সাইটটিতে জনপ্রিয় বা হালনাগাদ করা (আপডেট) নকশা এবং মনের মতো কাজ খুঁজে নেওয়ার সুযোগ আছে। এ জন্য প্রথমে www.croovs.com/join ঠিকানায় গিয়ে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।

সাইটটি তৈরি করেছেন কানন হোসাইন। তিনি বললেন, ‘প্রথমে নিজের জন্য এই সাইটটি বানাই আমি। পরে ভেবে দেখলাম প্রত্যেকের আলাদা আলাদা সাইট বানানোর দরকার নেই। সেটা ঝামেলারও। তার চেয়ে একটি সাইটে সবার কাজ থাকা ভালো। তাই সবার জন্য তৈরি করা হয়েছে ক্রুভস ডটকম।’

কেন ব্যবহার করবেন?

যে কাজই হোক, সফল হওয়ার জন্য ভালো পরিকল্পনা দরকার। আর ভালো পরিকল্পনার জন্য দরকার ভালো ধারণা। কারণ একটি ভালো ধারণা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। আর ভালো ধারণাগুলো আপনি তখনই পাবেন যখন আপনার কাছে সে বিষয় নিয়ে অন্যান্য ধারণা থাকবে। ক্রুভস আপনাকে সেই ভালো ধারণা বা পরিকল্পনা তৈরিতে সাহায্য করবে। ক্রুভসের মতো নেটওয়ার্কিং ওয়েবসাইটের মাধ্যমে আপনি ভালো ক্রিয়েটিভ গ্রাফিকস ডিজাইনারদের করা নকশা দেখে শিখে নিয়ে ক্লায়েন্ট কী ধরনের কাজ চায়, সেটি সম্পর্কে বেশ ভালো একটা ধারণা পেয়ে যাবেন।

সেই সঙ্গে আপনার শৈল্পিক মনের কাজগুলোকে মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং সাইটে সুন্দর ও যথাযথভাবে উপস্থাপন করতে পারবেন। ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ডিজাইনগুলোকে যত সুন্দরভাবে উপস্থাপন করবেন তত বেশি ভিজিটর এবং লাইক পাবেন। কাজ পাওয়ার মার্কেটপ্লেসগুলোতে নিজের প্রোফাইলে ক্রুভসের পোর্টফলিও লিংক দেওয়ার ফলে কাজ পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে।