গ্রাম নিয়ে গর্ব করার এক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের গ্রাম নিয়ে ওয়েবসাইট কিংবা তথ্যচিত্র তৈরি করে জাপান ঘুরে আসার সুযোগ করে দিতে চলেছে ‘আমার গ্রাম আমার গর্ব’ শীর্ষক এক প্রতিযোগিতা। শুধু পুরস্কার জেতাই নয়, নিজের ইউনিয়ন নিয়ে গর্ব করার সুযোগও তৈরি হবে এ প্রতিযোগিতার মাধ্যমে। জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় ও অ্যাসোসিয়েশন ফর ওভারসিস টেকনিক্যাল স্কলারশিপের (এওটিএস) পৃষ্ঠপোষকতায় এর আয়োজন করেছে গ্রামীণ কমিউনিকেশনস। সহযোগী হিসেবে আছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। তথ্যচিত্রটি হবে নিজের ইউনিয়ন নিয়ে। এইচটিএমএল কিংবা ভিডিও—দুই ফরম্যাটেই তৈরি করা যাবে এই তথ্যচিত্র। প্রতিযোগিতাটি শুরু হয়েছে গত ২২ ডিসেম্বর। গত বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে প্রতিযোগিতাটি সম্পর্কে বিস্তারিত জানান আয়োজকেরা। ওয়েবসাইট কিংবা তথ্যচিত্রে থাকবে এক নজরে ইউনিয়ন, ইউনিয়নের তিনটি গর্ব, তিনটি সমস্যা, ইউনিয়নবাসীর তিনটি চাহিদা, ইউনিয়নে তথ্যভিত্তিক একটি ব্যবসার সম্ভাবনার তথ্যের মতো গুরুত্বপূর্ণ কিছু বিষয়। প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ২০ থেকে ৪০ বছর বয়সী যেকোনো বাংলাদেশি। অংশ নেওয়ার শেষ তারিখ ২২ জানুয়ারি। প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে www.gramweb.net ঠিকানার ওয়েবসাইটে।প্রতিযোগিতা হবে দুই ভাগে—এইচটিএমএল ফরম্যাট ও ভিডিও ফরম্যাট। দুই গ্রুপ থেকে ছয়জন বিজয়ীকে জাপানে আট দিনের তথ্যপ্রযুক্তির ব্যবসা উদ্ভাবন কর্মশালায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরামর্শক কাজী রফিকুল ইসলাম ও প্রকল্প ব্যবস্থাপক লুতফি কবির। —হাসান ইমাম