গ্রাম পর্যায়ে ইন্টারনেট ছড়িতে দিতে এডিবির প্রকল্প
বাংলাদেশে তথ্যপ্রযুক্তি বিস্তার এবং গ্রাম পর্যায়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ছড়িয়ে দিতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) একটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য গ্রামে ইন্টারনেট ব্যবহারকারীদের আগ্রহ দেখতে সম্প্রতি আখাউড়া উপজেলা পরিষদ ভবনে কমিউনিটি ই-সেন্টার (সিইসি) পরিদর্শন করেন এশীয় উন্নয়ন ব্যাংকের পরামর্শক হন লইয়ং লাউ ও নজরুল ইসলাম। কেন্দ্রটিতে তখন কম্পিউটার শিক্ষার্থী ও ইন্টারনেট ব্যবহারকারীরা উপস্থিত ছিলেন। হন লইয়ং বলেন, প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা ইন্টারনেট ব্যবহার করছে এবং তথ্য জানছে, যা সত্যিই দারুণ খবর। গত বছর বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে আখাউড়া কমিউনিটি ই-সেন্টার স্থাপন করে। এই সেন্টারে পাঁচটি কম্পিউটারের ইন্টারনেট সংযোগ রয়েছে। স্থানীয় শিক্ষার্থীসহ সব শ্রেণী-পেশার মানুষই এখানে কম টাকায় ইন্টারনেট ব্যবহার করতে পারেন। —আখাউড়া প্রতিনিধি