গ্রামীণফোন গ্রাহকদের জন্য কিস্তিতে আইফোন-৬
আগামী সপ্তাহ থেকে বাংলাদেশে আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস পাওয়া যাবে। ফোন কেনার জন্য গ্রামীণফোনের গ্রাহকেরা ১৪ নভেম্বর থেকে অগ্রিম বুকিং দিয়ে ২০ নভেম্বর থেকে ফোন গ্রহণ করতে পারবেন।
আজ বৃহস্পতিবার গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইফোন কেনার সঙ্গে গ্রাহকরা নির্ধারিত ইন্টারনেট প্যাকেজে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। পাশাপাশি বিশেষ অফারে ৩জিবি ইন্টারনেট পাবেন বিনা মূল্যে।
অগ্রিম বুকিং দেওয়া গ্রাহকরা আইফোন-৬ এবং আইফোন-৬ প্লাস কেনার জন্য ১২ মাসের কিস্তির সুযোগও পাচ্ছেন। এই অফারের আওতায় আইফোন ৬-১৬ জিবির দাম ৭৩ হাজার ৮২৫ টাকা, আইফোন ৬-৬৪ জিবির দাম ৮৫ হাজার ২০০ টাকা এবং আইফোন ৬ প্লাস-১৬ জিবির দাম ৮৫ হাজার ২০০ টাকা।
গ্রামীণফোন জানিয়েছে, ফোন দুটি কেনার জন্য নগদ বা ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা জমা দিতে হবে। বাকি টাকা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৯ থেকে ১২ মাসের সমান কিস্তিতে পরিশোধ করা যাবে।
গ্রাহকদের জন্য আইফোন ৬-১৬ জিবির ১২ মাসের মাসিক কিস্তি ৫ হাজার ৩১৯, আইফোন ৬-৬৪ জিবির মাসিক কিস্তি ৬ হাজার ২৬৭ এবং আইফোন ৬ প্লাস-১৬ জিবির মাসিক কিস্তি ৬ হাজার ২৬৭ টাকা।
বাংলাদেশের গ্রাহকেরা আই ফোন কিনলে অ্যাপলের সাধারণ ওয়ারেন্টি নীতিমালা অনুযায়ী ১ বছরের ওয়ারেন্টি পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, আইফোন ৬-১৬ জিবি পাওয়া যাবে স্পেস গ্রে, সিলভার ও গোল্ড, আইফোন ৬-৬৪ জিবি পাওয়া যাবে স্পেস গ্রে ও সিলভার এবং আইফোন ৬ প্লাস-১৬ জিবি পাওয়া যাবে শুধু স্পেস গ্রে রঙে।