গ্রামীণফোন নিয়ে এল অপেরার বিশেষ সংস্করণ
গ্রাহককে মুঠোফোন থেকে দ্রুত ওয়েবসাইট দেখার সুবিধা দিতে অপেরা মিনির বিশেষ সংস্করণ চালুর ঘোষণা দিল মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। ‘কো-ব্র্যান্ডেড’ পণ্য হিসেবে অপেরা সফটওয়্যারের সঙ্গে যৌথভাবে ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) অপেরা মিনির এই বিশেষ সংস্করণ চালু করল গ্রামীণফোন। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অপেরা মিনির এ সংস্করণের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়। নতুন ব্রাউজার চালুর অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা এরিল্ড কোল বলেন, ‘১৯৯৭ সালে পল্লি ফোনের মাধ্যমে যাত্রা শুরুর সময় প্রথম থেকেই গ্রামীণফোনের লক্ষ্য ছিল মোবাইল টেলিযোগাযোগের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের ক্ষমতায়ন করা। ৯৯ শতাংশ মানুষ এখন আমাদের নেটওয়ার্কের আওতায়। অপেরার ওয়েব প্রযুক্তিতে আমাদের আস্থা রয়েছে। গতবছরের আগস্ট মাসে টেলিনর গ্রুপ (গ্রামীণফোন লিমিটেডের সর্বাধিক শেয়ারের অংশীদার) অপেরা সফটওয়্যারের সঙ্গে যৌথভাবে বিশ্বব্যাপী টেলিনরের অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে এটি ব্যবহারে ব্যাপারে একমত হয়।’অনুষ্ঠানে অপেরার ভাইস প্রেসিডেন্ট (যোগাযোগ) টর ওডল্যান্ড বলেন, ‘ইন্টারনেট এখন মানুষের মৌলিক অধিকারগুলোর একটি। অপেরা মিনি ইন্টারনেট ডেটার আকার ৯০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনে। ফলে ওয়েব পেইজ অনেক দ্রুত খোলা যায়। প্রতি মাসে বিশ্বের নয় কোটিরও বেশি গ্রাহক অপেরা ব্যবহার করছে। সাধারণ ফোনসেট থেকে শুরু করে স্মার্টফোন পর্যন্ত তিন হাজারেরও বেশি সেটে অপেরা ব্যবহার করা যায়।’ গ্রামীণফোনের হেড অব মার্কেট কমিউনিকেশন তাহমীদ আজিজুল হক। তিনি বলেন, ‘সামর্থ্যের মধ্যে রেখে তথ্যপ্রযুক্তির সুবিধা বাংলাদেশের সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই গ্রামীণফোনের যাত্রা শুরু। আমাদের তিন কোটি গ্রাহকের কাছে ইন্টারনেট সেবাকে আরও উপভোগ্য করতে আমাদের এই প্রয়াস।’ এক প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, অপেরা মিনি ব্রাউজার নামিয়ে নিলে (ডাউনলোড) গ্রামীণফোন ব্যবহারকারীরা বিনা মূল্যে এক সপ্তাহের ডেটা সার্ভিস উপভোগ করতে পারবেন। ওপেরা মিনির বিশেষ এই সংস্করণের জন্য মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে Opera লিখে পাঠাতে হবে 5000 নম্বরে। —নিজস্ব প্রতিবেদক