গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার শুরু হয়েছে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হলো।ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে সকাল সাড়ে নয়টায় শুরু হয় ইন্টারনেটের প্রতিভা খোঁজার এ উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, গ্রামীণফোনের প্রধান নির্বাহী টরে জনসেন, রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মুসলে উদ্দিন আহমেদ, গতবারের আই-জিনিয়াস চৌধুরী সাদিদ আলমসহ আরও অনেকে।জাতীয় সংগীত গেয়ে শুরু হয় অনুষ্ঠান, চলে বেলা একটা পর্যন্ত। অনুষ্ঠানে রাজধানীর ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন প্রতিযোগী অংশ নেয়।এই উৎসব মূলত ইন্টারনেট জিনিয়াস বা ইন্টারনেট প্রতিভা খোঁজার প্রতিযোগিতা। অংশগ্রহণকারীরা ‘আই-জিনিয়াস’ গেম প্রতিযোগিতায় অংশ নেয়।ইন্টারনেট উৎসবের প্রথম আয়োজনে আই-জিনিয়াস হয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী আহমেদ ইফতেখার মনিম।পর্যায়ক্রমে সারা দেশের ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই উৎসবের আয়োজন করা হবে। চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।ঢাকার উৎসবে অংশ নেওয়া ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চবিদ্যালয় (বালক শাখা), তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চবিদ্যালয় (বালিকা শাখা), গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়, কাকলী উচ্চবিদ্যালয় এবং কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ। গ্রামীণফোন ও প্রথম আলোর আয়োজনে ইন্টারনেট উৎসবে সহযোগী হিসেবে আছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি। সহযোগী হিসেবে আরও আছে গুগল, অপেরা, নকিয়া, ফেসবুক, চ্যানেল আই ও রেডিও ফুর্তি। সারা দেশে ইন্টারনেট উত্সব পরিচালনা করছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।