গ্রামীণফোনের অ্যান্ড্রয়েড মুঠোফোন
গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত ‘গ্রামীণফোন ক্রিস্টাল’ মুঠোফোন বাজারে নিয়ে এসেছে গ্রামীণফোন লিমিটেড। সাড়ে ১২ হাজার টাকা দামের এই মুঠোফোন দেশের যেকোনো গ্রামীণফোন সেন্টারে পাওয়া যাবে। এতে দুই বছরের ওয়ারেন্টিও রয়েছে। এ ছাড়া গ্রামীণফোনের সংযোগের প্রথম তিন মাসে গ্রাহকেরা প্রতিদিন ৫০টি এসএমএস ও এমএমএসসহ ২০ টাকার ফ্রি টক টাইম পাবে। প্রতি মাসে ৯৯ মেগাবাইট ডেটা ব্যবহার করা যাবে বিনা মূল্যে।গতকাল মঙ্গলবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বড় আকারের টাচ স্ক্রিন ডিসপ্লের এই মুঠোফোনে গুগল সার্ভিস ইনস্টল করা আছে। এই সেটে ৫০ হাজারের বেশি প্রোগ্রাম ব্যবহার করা যাবে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকেরা বুল স্টক আপডেট অ্যাপলিকেশন ব্যবহারে ৭৫ শতাংশ ছাড় পাবে। ওয়ার্ক-ফোর্স ম্যানেজমেন্ট রিপ্লাই এসএমএস ও ওয়েলকাম টিউন ফ্রি। সাধারণ গ্রাহকেরা প্রথম তিন মাসে প্রতি মিনিট ৪৯ পয়সায় ইন্টারনেট, সঙ্গে মাসে ৯৯ মেগাবাইট ফ্রি ডাটা ও ৯৯টি বিনা মূল্যে এমএমএসের সুবিধা পাবে। ক্রিস্টাল মুঠোফোনের দুটি ভিন্ন প্যাকেজ আছে। মাসে ৩০০ টাকার পাউচে রয়েছে ১ গিগাবাইট ডেটা, কল ব্লক ও মিসকল অ্যালার্ট, ১৫ দিনের জন্য ১৫০টি এসএমএস ও ১৫০টি এমএমএস। ১৯৯ টাকার মাসিক পাউচে রয়েছে ৯৯ মেগাবাইট ডাটা, কল ব্লক ও মিসকল অ্যালার্ট, ১৫ দিনের জন্য ৯৯টি এসএমএস ও ৯৯টি এমএমএস। —নিজস্ব প্রতিবেদক