ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানে গ্রাহকদের সারি (কিউ) ব্যবস্থাপনার বাংলাদেশি সফটওয়্যার কিউ-প্রো এখন ভারতের বাজারে বিক্রি হচ্ছে। এটি তৈরি করেছে বিজনেস অটোমেশন লিমিটেড। যেকোনো প্রতিষ্ঠানে গ্রাহকেরা যাতে সুশৃঙ্খলভাবে সেবা পেতে পারেন, সে ব্যাপারে সহায়তা করে এই সফটওয়্যার। এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে সেবা পেতে ইচ্ছুক ব্যক্তিরা সুশৃঙ্খলভাবে তাঁদের কাজ সম্পাদন করতে পারেন।কিউ-প্রোর মাধ্যমে ব্যাংকে আসা গ্রাহককে সেবা নিতে প্রথমেই নির্দিষ্ট কাউন্টার থেকে তাঁর কাজের ধরন অনুযায়ী একটি টোকেন দেওয়া হয়। যাঁরা ক্রেডিট কার্ড সংগ্রহ করতে আসেন, তাঁদের দেওয়া হবে এক ধরনের টোকেন। যাঁরা টাকা জমা দিতে এসেছেন, তাঁরা পাবেন অন্য ধরনের টোকেন। আবার যাঁরা চেকবই হারিয়েছেন, তাঁদের দেওয়া হয়েছে অন্য ধরনের টোকেন। এই টোকেনের মাধ্যমে একজন ব্যক্তি জানতে পারছেন, আর কতজনের পর তিনি কাউন্টারে যাবেন।কিউ-প্রোতে স্ট্যাটাস ডিসপ্লে-প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে ব্যাংকের বিভিন্ন স্থানে বসানো মনিটরে কিছুক্ষণ পরপর কতজনের টোকেন সংগ্রহ হয়েছে, তার হালনাগাদ তথ্য জানা যাবে।বিজনেস অটোমেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল হাসান জানান, কিউ-প্রো সফটওয়্যারটি বর্তমানে ব্যবহার করছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গুলশান-১ শাখা। এ ছাড়া ভারতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান সাতটি শাখা এবং ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়ার ১০টি শাখায় এটি ব্যবহূত হচ্ছে।কিউ-প্রোর সম্পর্কে জানা যাবে www.queue-pro.com ঠিকানার ওয়েবসাইটে। —নিজস্ব প্রতিবেদক