গ্রাহকদের জন্য গ্রামীণফোনের ওয়াওবক্সে
সবার হাতের নাগালে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চায় মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। সে লক্ষ্য সামনে রেখে এবার তারা নিয়ে এল জীবনযাপনভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) ‘ওয়াওবক্স’। গ্রামীণফোন সংযোগসহ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যাপটি চালানো যাবে বিনা মূল্যে। গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাপটি উদ্বোধনের পর এসব কথা জানানো হয়।
গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনরের প্রযুক্তিবিষয়ক বিশেষায়িত বিভাগ টেলিনর ডিজিটাল অ্যাপটি তৈরি করেছে। এটির মাধ্যমে বিনা মূল্যে ইন্টারনেট ডেটা প্রাপ্তি, নির্ধারিত জনপ্রিয় দোকানগুলোতে ছাড়সহ বিভিন্ন অফার পাওয়া যাবে যা জীবনযাত্রাকে আরও সহজ করবে বলে জানানো হয়।
অ্যাপটি নামিয়ে নিয়ে ব্যবহার করা যাবে বিনা মূল্যে। অ্যাপটির মাধ্যমে গ্রামীণফোনের সহযোগী প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট দেখতেও কোনো খরচ হবে না। গ্রামীণফোনের বন্ধু প্যাকেজ ব্যবহারকারীরা প্রতিদিন ২০ মেগাবাইট ইন্টারনেট ডেটা পাবেন বিনা মূল্যে। আর অ্যাপটির মাধ্যমে ডেটা বা এসএমএস প্যাকসহ যেকোনো কিছু কিনলেই নির্দিষ্ট পরিমাণে ‘টোকেন’ পাওয়া যাবে। ওয়াওবক্সে জমা হওয়া এই টোকেনগুলোর মাধ্যমে বিনা মূল্যে বিভিন্ন সুবিধা সচল করা যাবে। আপাতত বন্ধু প্যাকেজের জন্য সুবিধাগুলো চালু হলেও পরবর্তী সময়ে গ্রামীণফোনের অন্য গ্রাহকদের এই সুবিধার আওতায় আনা হবে বলে জানানো হয়। তবে রাশিচক্র, কৌতুক, প্রযুক্তি, রান্না, ফ্যাশনসহ বিভিন্ন নিবন্ধ পড়তে পারবেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন গ্রামীণফোনের সব গ্রাহক। গুগল প্লে-স্টোরে অ্যাপটি পাওয়া যাবে http://bit.ly/1HeHSdC ঠিকানায়।
ওয়াওবক্স উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব প্রোডাক্ট হাসিবুল হক। পণ্যটি সম্পর্কে তিনি জানান, অ্যাপটির মাধ্যমে পাওয়া বিশেষ সুবিধা গ্রাহকেরা প্রাত্যহিক কাজে ব্যবহার করতে পারবেন। আর প্রতিদিনের ব্যবহারের জন্য পুরস্কার পাওয়া যে কারোর জন্যই বিশেষ কিছু। এ সময় টেলিনর ডিজিটালের ডিভাইস এবং ওএস বিভাগের ভাইস প্রেসিডেন্ট হলগার হুসমান অ্যাপটি সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মেহেদী হাসান