গ্রাহকসেবা প্রশিক্ষণের সনদ বিতরণ
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) আয়োজিত ‘কাস্টমার সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক দুই দিনের এক প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র গত রোববার বিতরণ করা হয়েছে। বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে মোট ২৬ জন প্রশিক্ষণার্থীকে সনদ দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ক্রেতা বা গ্রাহকের সমস্যা বুঝে তাকে সমাধান দেওয়া একজন সফল বিক্রেতার কাজ। আর কীভাবে একজন সফল বিক্রেতা হওয়া যায়, তা এই প্রশিক্ষণের মাধ্যমে শেখা সম্ভব। খবর বিজ্ঞপ্তির। এই প্রশিক্ষণে ছিল কীভাবে গ্রাহকদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করা যায়, তাঁদের সমস্যাগুলোকে কী উপায়ে গুরুত্ব দিয়ে গ্রহণ করা উচিত, কীভাবে সেসবের সমাধান করা সম্ভব, ব্যতিক্রমধর্মী গ্রাহককে কীভাবে সেবা প্রদান করতে হয়, কী উপায়ে সেবা দিলে গ্রাহক সন্তুষ্ট থাকবে এবং প্রতিষ্ঠানও লাভবান হবে, কীভাবে গ্রাহকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব ইত্যাদি বিষয়।