গ্রাহকের জন্য নকিয়ার কম্পনশীল উলকি! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া সম্প্রতি তাদের ফোন গ্রাহকদের সুবিধার জন্য বিশেষ প্রযুক্তির কম্পনশীল ট্যাটু বা উলকির পেটেন্টের জন্য আবেদন করেছে। এক খবরে বিবিসি জানিয়েছে, নকিয়ার তৈরি এ বিশেষ প্রযুক্তির উলকি শরীরে লাগাতে হবে। মোবাইলে কল বা মেসেজ এলে শরীরে লাগানো সে উলকিটি ফোন ব্যবহারকারীকে জানিয়ে দেবে ফোন ও মেসেজ আসার সংকেত। এ ক্ষেত্রে উলকির কম্পনই জানিয়ে দেবে কার ফোন বা মেসেজ এসেছে।সম্প্রতি এ উলকি প্রযুক্তিটি পেটেন্ট করার জন্য যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে আবেদন করেছে নকিয়া। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ভাইব্রেটিং ম্যাগনেটিক ট্যাটু তৈরি করলে মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে ফোন কল ও মেসেজ পাওয়ার সংকেত পেতে তা ব্যবহূত হবে।

পেটেন্ট আবেদনে ফেরোম্যাগনেটিক উপাদান ব্যবহার করে ব্যবহারকারীর ত্বকে উলকি, স্ট্যাম্প ও স্প্রে করার পদ্ধতিটির বর্ণনা দেওয়া হয়েছে। আবেদনে বিভিন্ন উলকি বিভিন্ন ধরনের সংকেত দেওয়ার কাজে ব্যবহার করা হবে এ কথাও উল্লেখ করা হয়েছে। সাধারণ উলকির মতোই এটি হাতের নখ, বাহু বা পেটেও বসানো যাবে। নকিয়ার মোবাইল থেকে মেসেজ বা কল দেওয়া হলে শরীরে স্থাপিত উলকিটি কাঁপতে থাকবে। নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্দিষ্ট উলকিও বসিয়ে নেওয়া সম্ভব হবে।কেবল পেটেন্ট পর্যায়ে থাকায় এখনো এ প্রযুক্তি নিয়ে কাজ করা শুরু করেনি নকিয়া। তাই শিগগিরই হয়তো এ প্রযুক্তি হাতের নাগালে আসছে না।