গ্রিনল্যান্ডে হিমবাহে বিশাল ধস (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিনল্যান্ডের পিটারম্যান হিমবাহের ৪৬ বর্গমাইল আয়তনের বিশাল একটি অংশ ধসে পড়েছে। মার্কিন বিজ্ঞানীরা ১৮ জুলাই এ তথ্য জানিয়েছেন। ২০১০ সালের পর পিটারম্যান হিমবাহে এটি দ্বিতীয় বিশাল ধস নামার ঘটনা। এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসার ‘অ্যাকুয়া’ উপগ্রহের তোলা ছবির সাহায্যে হিমবাহে ধস নামার তথ্য পাওয়া গেছে।এদিকে কানাডার আইস সার্ভিস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ম্যানহাটন শহরের প্রায় দ্বিগুণ আকারের এ হিমবাহের ধসে পড়া অংশটি ইতিমধ্যে স্থান পরিবর্তন করে আটলান্টিক সমুদ্রের উত্তরাংশের দিকে ভেসে যেতে শুরু করেছে। কানাডার আইস সার্ভিসের কর্মকর্তা ট্রুডি ওলহিবেন জানিয়েছেন, ‘বছরের এ সময়টাতে আমরা পিটারম্যান হিমবাহের দিকে নজর রাখি। কারণ, এ সময় বিশাল বিশাল হিমবাহ ধসে পড়ার ঘটনা ঘটে। ফলে উত্তর আটলান্টিকের মাছ ধরার এলাকা ও তেলক্ষেত্রগুলোয় হিমবাহ ভাঙা বরফ বিঘ্ন সৃষ্টি করে। ২০১০ সালেও এ হিমবাহ থেকে নামা ধসে এমন ঘটনা ঘটেছিল। অবশ্য ওই সময় তেমন কোনো ক্ষতি হয়নি।’নাসার তোলা ছবিতে দেখা যাচ্ছে, পিটারম্যান হিমবাহের একটি অংশ থেকে বিশাল বরফের চাঁই আলাদা হয়ে যাচ্ছে এবং তা নিচের দিকে নামতে শুরু করেছে। গবেষকদের তথ্য অনুসারে, ১৬ জুলাই সোমবার থেকে হিমবাহে ফাটল দেখা দিতে শুরু করেছিল। পরের দিন থেকে এই ফাটল বাড়তে থাকে এবং হিমবাহ থেকে আলাদা হয়ে সামনের দিকে এগোতে শুরু করে। এর অবস্থান উত্তর মেরু থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে।গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে প্রায়ই বরফ ভেঙে পড়ে। কিন্তু ২০১০ সালের পর থেকে সুমেরু অঞ্চলের ওই হিমবাহে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটল। অবশ্য এই ধসে সমুদ্রে পানির উচ্চতা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন না গবেষকেরা।হিমবাহে ধস নামা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, শিল্পায়ন ও পরিবেশের উষ্ণতা বৃদ্ধির কারণে উত্তর ও দক্ষিণ মেরুতে হিমশৈল গলে যাচ্ছে ।গবেষক অ্যান্ড্রেস মুয়েনচোউ বলেন, ২০১০ সালের পর পিটারম্যান হিমবাহে ধসের পর যে ফাটল তৈরি হয়েছিল, তার ধারাবাহিকতাতেই হিমবাহ গলতে শুরু করেছে। এবারের ভাঙন পুরো হিমবাহের ওপরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। হিমবাহ গলতে থাকলে পরবর্তী সময়ে এ বিষয়টি উত্তর মেরু অঞ্চলের ভূপৃষ্ঠে জমে থাকা বরফস্তরের গলে যাওয়ার বিষয়টিকেও প্রভাবিত করবে।